নিজস্ব সংবাদদাতা, ঝালদা ও পুরুলিয়া: ১৪ সেপ্টেম্বর ২০২১

পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে মঙ্গলবার কোটশিলা জিউদারু কলেজের অধ্যক্ষকে চলতি শিক্ষা বর্ষ থেকেই স্নাতক স্তরে কুড়মালি ভাষায় অনার্স কোর্স চালু করার বিষয়ে লিখিত আবেদন জানানো হল। এদিন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দু মাহাত জানান, চলতি শিক্ষা বর্ষ থেকেই কলেজে যাতে কুড়মালি ভাষায় বি. এ. (অনার্স) কোর্স চালু করা যায় সেই বিষয়ে দ্রুত সদর্থক পদক্ষেপ নিতে সংগঠনের তরফে অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে লোলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজে চলতি শিক্ষা বর্ষ থেকেই স্নাতক স্তরে কুড়মালি ভাষায় অনার্স কোর্স চালু হয়ে গেল বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, গতকাল, সোমবার পুরুলিয়ার সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি শিক্ষা বর্ষ থেকেই এই কলেজে কুড়মালি ভাষায় বি. এ. অনার্স কোর্স চালু করার বিষয়ে লিখিত অনুমোদন দিয়ে দিয়েছে। বিশ্ব বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আদিবাসী কুড়মি সমাজ, পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ সহ বিভিন্ন সংগঠনের বারংবার আবেদনের বিষযটি মাথায় রেখে চলতি শিক্ষা বর্ষ থেকেই লোলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজে স্নাতক স্তরে অনার্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজের এক সূত্রে জানা গিয়েছে, তবে চলতি শিক্ষা বর্ষে যেহেতু ইতিমধ্যেই কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। ফলে রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের বিধি নিয়ম অনুযায়ী এবছর নতুন করে ভর্তি সংক্রান্ত নতুন পোর্টাল ইস্যু করা সম্ভব হচ্ছে না। কিন্ত যেসমস্ত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ে কলেজে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে কুড়মালি ভাষায় অনার্স পড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের ওই কোর্সে ভর্তি করে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page