নিজস্ব সংবাদদাতা , বলরামপুর
২১ আগস্ট , ২০২০
পদত্যাগ করলেন বলরামপুরের বিজেপির মণ্ডল সভাপতি অশ্বিনী সিং সর্দার । তিনি জেডপি ১১ মণ্ডলের দায়িত্বে ছিলেন দীর্ঘদিন । সম্প্রতি জেলা সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন অশ্বিনীবাবু। তাঁর পদত্যাগ ঘিরে দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে।
বলরামপুরের বিরামডি গ্রামের বাসিন্দা অশ্বিনীবাবু , দীর্ঘ প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে মণ্ডল সভাপতির দায়িত্বে ছিলেন। বলরামপুরে বিজেপির অন্যতম আদিবাসী মুখ হিসেবে পরিচিত এই নেতা । সম্প্রতি তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। অশ্বিনীবাবু হাতের একটি সমস্যায় ভুগছেন একথা ঠিক। তবে এখনও প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটারের বেশি এলাকায় সংগঠনের কাজে চষে বেড়ানো ওই আদিবাসী নেতা শুধুমাত্র অসুস্থতার কারণেই পদ ছাড়লেন বলে মানছেন না দলেরই একাংশ । তাদের মতে দলের স্থানীয় কিছু নেতাদের সঙ্গে মতের অমিলের জেরেই কার্যত পদ ছাড়তে বাধ্য হয়েছেন অশ্বিনীবাবু।
এ বিষয়ে অশ্বিনীবাবু বলেন, ২০০৭-০৮ সালে প্রথমবার মণ্ডল সভাপতি হয়। তারপর মাঝে ওই পদে না থাকলেও সব মিলিয়ে প্রায় ১০ বছরের বেশি সময় এই দায়িত্বে ছিলাম। তিনি আরও বলেন, সাইকেল আমার একমাত্র ভরসা। নিজের গ্রাম থেকে সাইকেল চালিয়েই বলরামপুর, বেলা,তেঁতলো ও দড়দা গ্রাম পঞ্চায়েতের সংগঠনের কাজে ঘুরে বেড়ায়। বাঁ হাতের ব্যথাতে মাঝে বেশ কিছুদিন ভুগেছিলাম। এখন যোগ ব্যায়াম করে প্রায় সুস্থ হয়ে উঠেছি। তিনি আরও বলেন, সংগঠনের কাজ বাড়ছে। আমার কোনও অসুস্থতার জন্য সংগঠনের কাজে যাতে ক্ষতি না হয়, তাই পদত্যাগ করেছিলাম জুলাই মাসের ১১ তারিখ। সে সময় জেলা সভাপতি আমাকে পদে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন। সে সময় রাজি ছিলাম না। তারপর অবশ্য সুস্থ হয়ে উঠেছি।
তিনি আরও জানান, এখনও প্রতিদিন ৩০ কিলোমিটারের বেশি সাইকেল চালায়। আগে হওয়ার বেগে সাইকেল ছুটাতাম। এখন গতি একটু কমেছে। তবে সাইকেলের গতি কমলেও সংগঠনের কাজের গতি তো আর কমেনি ।দল যা চাইবে আমি সেরকমই কাজ করব। এ বিষয়ে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন ,উনি খুব অসুস্থ, তাই পদ ছেড়ে দিয়েছেন। অন্য কাউকে দায়িত্ব দেওয়া হলে জানানো হবে।
শেয়ার করুন