নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৩ ডিসেম্বর ২০২১ঃ
আজ নিজেদের গ্রামে পানীয় জল সরবরাহের আবেদন জানিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে চিঠি দিলেন বলরামপুর ব্লকের তেঁতলো-মাইতিডি গ্রামবাসীরা। সূত্রের খবর, সম্প্রতি বলরামপুরের হনুমাতা ড্যাম থেকে পানীয় জল সরবরাহের ( জাইকার) সরকারি প্রকল্পের কাজ শুরু হয়েছে। উদ্দেশ্য আশপাশের গ্রামগুলিতে পানীয় জল সরবরাহ করে জল সমস্যার সমাধান। হনুমাতা-মাইতিডি গ্রামের বাসিন্দাদের দাবি এই জল প্রকল্প থেকে আশপাশের বিভিন্ন গ্রামে পানীয় জল সরবরাহের বন্দোবস্ত করার ব্যবস্থা করা হলেও, ড্যামের একেবারেই পার্শ্ববর্তী তাঁদের গ্রাম বাদ পড়েছে এই সুবিধা থেকে। তাঁদের আরো দাবি, যদিও আশপাশের অন্যান্য গ্রামগুলির থেকেও অধিক জলকষ্ট তেঁতলো-মাইতিডি গ্রামেই। তাই নিজেদের গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার আবেদন জানিয়ে তাঁরা এদিন প্রশাসন ও পঞ্চায়েত সমিতির দ্বারস্থ হন বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল বলেন, গ্রামবাসীদের আবেদনের ফলে ঘটনাটি নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত জানাবো, যাতে ওই গ্রামেও পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়।
