নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৭ ডিসেম্বর ২০২১ঃ
পঞ্চায়েত নির্বাচনের দীর্ঘ প্রায় তিন বছরের বেশি সময় পর শুক্রবার বলরামপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠিত হলো বলরামপুর পঞ্চায়েত সমিতির সভা গৃহে।এদিন স্থায়ী সমিতি গঠন ঘিরে বলরামপুর পঞ্চায়েত সমিতি ও ব্লক কার্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করে ।
স্থায়ী সমিতি গঠনের বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা প্রিসাইডিং অফিসার শুভাশিস ঘোষ জানিয়েছেন এদিনের নির্বাচনে পঞ্চায়েত সমিতির এক্স অফিসিও মেম্বার সহ মোট ৩১ জন সদস্যের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন। যদিও কোরাম গঠনের জন্য ৮জন সদস্য উপস্থিত থাকার কথা।উপস্থিত ২১জন সদস্যর সর্ব সম্মতিক্রমে ন’টি স্থায়ী সমিতি গঠিত হয়েছে এ দিনের সভায়।যদিও সভায় কর্মাধ্যক্ষ দের নাম ঘোষণা করা হয়নি পরবর্তী সময়ে তা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

স্থায়ী সমিতি গঠন শেষে তৃণমূলের দলীয় জেলা নেতৃত্ব হিসাবে প্রতিক্রিয়া দিয়ে আই এন টি টি ইউ সি জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন এদিনের সভায় নিয়ম মেনে স্থায়ী সমিতি গঠিত হয়েছে পরবর্তী সময়ে নির্দেশ মতো কর্মাধ্যক্ষ দের নাম ঘোষণা করা হবে।একই কথা বলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মণ্ডল।বলরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তথা সমিতির বর্তমান সদস্য সুদীপ মাহাতো বলেন দীর্ঘ সময় পরে বলরামপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠিত হলো যা বলরামপুর বাসীর কাছে আনন্দের তাছাড়া সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কারী সদস্যরাও এই স্থায়ী সমিতিতে রয়েছেন।

