নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২ জানুয়ারি ২০২২ঃ

বছর শুরুর আগেই পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি পত্রিকার প্রতিনিধিকে জানিয়েছিলেন নতুন বছরে পরিবেশ রক্ষায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নেওয়া হবে। থার্মাকল, প্লাস্টিক বা পলিথিনের থালা, বাটি, গ্লাস ও প্যাকেট বন্ধ করে পরিবেশ বান্ধব শাল পাতার ব্যবহার বিষয়ে পৌর নাগরিকদের মধ্যে সচেতনতার প্রচার সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেইমতো নতুন বছরের প্রথম দিন, শনিবারেই শহরের উপকন্ঠে তেলকল পাড়া শ্মশান সংলগ্ন পিকনিক স্পটগুলিতে সেই প্রচার অভিযান শুরু করলেন। পৌরসভার পরিবেশ কর্মীরা ছাড়াও গতকাল পরিবেশ রক্ষায় পৌরসভার পাশে দাঁড়ায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা। মঞ্চের জেলা শাখার মহিলা সদস্যরা পৌর প্রশাসক ও তাঁর টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বনভোজনের দলগুলির সদস্যদের থার্মাকল বা পলিথিনের পরিবর্তে পরিবেশ বান্ধব শাল পাতার সামগ্রি ব্যবহারের স্বাস্থ্যগত ও পরিবেশগত গুরুত্ব বিষয়ে সচেতন করেন। পুরুলিয়া পৌরসভার এক সূত্রে জানা গিয়েছে সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিতেই বছরের প্রথম দিনই এই পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে আরো জানা গিয়েছে, বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে মানুষকে পরিবেশ রক্ষার বৈজ্ঞানিক দিকটিও বিশদে বোঝানো হয় এদিন। জানা গিয়েছে, শনিবার ওই স্থানে বলভোজনে অংশগ্রহনকারী দলগুলির মধ্যে যাঁরা থার্মাকল ও পলিথিনের থালা, বাটি এনেছিলেন সেগুলি নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরিবর্তে পৌরসভার পক্ষ থেকে সমপরিমান শাল পাতার থালা বাটি দলগুলিকে বিতরণও করা হয়েছে। বিজ্ঞান মঞ্চের মহিলা শাখার সদস্যা রিঙ্কু চট্টোপাধ্যায় বলেন, পরিবেশ রক্ষার গুরুত্ব উপলব্ধি করে এদিন মানুষ স্বইচ্ছায় শাল পাতার তৈরি সামগ্রির পরিবর্তে থার্মাকল ও পলিথিনের সামগ্রী পরিবেশ কর্মীদের হাতে তুলে দিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page