নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১০ ডিসেম্বর, ২০২০
পুড়লো তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল। বৃহস্পতিবারে এই ঘটনা মানবাজার সদরে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে তৃণমূলের নেতৃত্বে হামলা সংগঠিত করা হয়েছে, এই অভিযোগে ও ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এই কর্মসূচির অধীন পুরুলিয়া জেলাজুড়েও বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ দেখায় বিজেপি। মানবাজার সদরে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুলও পোড়ানো হয়। বিজেপি নেতা বাণীপদ কুম্ভকার বলেন, পুলিশের সামনেই যেভাবে তৃণমূলের গুন্ডারা আমাদের দলের সর্বভারতীয় সভাপতির উপর হামলা চালাল এবং পুলিশ যেভাব নির্বাক দর্শক হয়ে দেখলো, তাতে এটা পরিষ্কার যে, গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে।
শেয়ার করুন