নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৮ সেপ্টেম্বর , ২০২০

ঝালদা-১ নম্বর ব্লকের সিপিআইএম পরিচালিত মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার ১১ দফা দাবিতে ডেপুটেশন দিল বিজেপি। প্রসঙ্গত মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতটিতে ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে বোর্ড গঠন করে সিপিআইএম। ঝালদা-১ নম্বর ব্লকের অন্তর্গত ১৩ নম্বর জেড পি-র বিজেপি মন্ডল সভাপতি লক্ষীরাম মাহাত এদিন জানান, মূলতঃ পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধেই এদিন তাঁদের এই বিক্ষোভ ও ডেপুটেশন ছিল। তিনি বলেন, আবাস যোজনার কাজে লেবার পেমেন্ট না করা সহ অন্যান্য দুর্নীতি, এম জি এন আর ই জি এ প্রকল্পের কাজে, যেমন পুকুর খনন ইত্যাদিতে কাজ না করে তহবিলের টাকা আত্মসাৎ করা সহ প্রায় ১১ দফা দাবিতে এদিন বিজেপি ডেপুটেশন দেয়।

এদিন মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৪ থেকে ২৫ টি পরিবার সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন বলেও স্থানীয় দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

এ বিষয়ে সিপিআইএম এর ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ জানিয়েছেন, “সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি বলেন, আবাস যোজনায় লেবার পেমেন্ট আটকে থাকার যে অভিযোগ ওনারা করছেন, সে বিষয়ে জানাই, মোট ১৩০০ আবাসের মধ্যে যে ৩৭ টির লেবার পেমেন্ট আটকে রয়েছে সেগুলির ক্ষেত্রে উপভোক্তার জব কার্ডে সমস্যা রয়েছে কিংবা তাঁরা ৪(ক) ফর্ম এখনও জমা দেননি। তাঁদের প্রত্যেককেই ফর্ম জমা করতে আগেই বলা হয়েছে। এছাড়া হাপা খননের বিষয়ে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কোন স্পেসিফিক অভিযোগই নেই, সবই ভাসাভাসা বলে দাবি করেছেন উজ্জল চট্টরাজ।

শেয়ার করুন

You cannot copy content of this page