নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ২ নভেম্বর ২০২১ঃ

জেলা বিজেপিতে আবার বড়সড় ভাঙন ধরালো শাসক তৃণমূল কংগ্রেস। এবার রঘুনাথপুর-২ ব্লকের বড়রা অঞ্চলে। মঙ্গলবার বড়রা গ্রাম পঞ্চায়েতের ৫ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

    স্থানীয় ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার বড়রা হাই স্কুলে বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া, রঘুনাথপুর ২ ব্লকের তৃণমূল সভাপতি বরুন মাহাথা, ব্লকের যুব নেতা স্বপন মাহাথা সহ ব্লক অঞ্চলের অন্যান্য নেতৃত্ব। এদিন বিজয়া সম্মেলনের মঞ্চে বড়রা গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।  প্রসঙ্গত ওই গ্রাম পঞ্চায়েতের মোট ১৪ টি আসন। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১৩ টি এবং তৃণমূল মাত্র একটি আসন পায়।  এদিন পাঁচজন বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করায় ওই অঞ্চলে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বলে জানান তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া।  উন্নয়নের কাজে সামিল হতে তৃণমূলে যোগ দেন বলে জানান সদ্য বিজেপি ছেড়ে আসা পঞ্চায়েত সদস্যরা। এ বিষয়ে বিজেপির পুরুলিয়া জেলা সম্পাদক  বানেশ্বর মুখোপাধ্যায় বলেন, বিষয়টি ঠিক জানিনা। তবে প্রতিদিনই তো কেউ না কেউ  তৃণমূলে যোগ দিচ্ছে বলে শুনছি।

শেয়ার করুন

You cannot copy content of this page