নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৯ সেপ্টেম্বর , ২০২০
বিগত দিনে তিনি ছিলেন তৃণমূলের সাংসদ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর থেকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তিনি। বিগত তৃণমূল সংস্পর্শের রাজনৈতিক জীবনের প্রায়শ্চিত্ত করতেই তিনি এখন বিজেপি করছেন, বুধবার পুরুলিয়া বিজেপি যুব মোর্চার সম্মেলনে যোগ দিয়ে এরকমই বক্তব্য রাখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

বুধবার পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির যুব মোর্চার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে “রাজ্যজুড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে এবং গণতন্ত্রের হত্যা করছে” বলে উল্লেখ করেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি। বলেন, এক সময় তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। তৃণমূল যেভাবে গণতন্ত্রের ধ্বংস করেছে, তার প্রায়শ্চিত্ত করতেই তিনি আজ বিজেপি করছেন। এদিন সম্মেলনে উপস্থিত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ২০২১-এ রাজ্য থেকে তৃণমূল হটানোর আহ্বান করে সৌমিত্র খাঁ জেলা থেকে পাঁচশো যুব শক্তি নিয়ে নবান্ন অভিযানের হুমকি দেন। বলেন, জেলার তরতাজা যুব দলীয় কর্মী ত্রিলোচন মাহাত, দুলাল কুমার, জগন্নাথ টুডু, শিশুপাল সহিসদের এক এক বিন্দু রক্তের হিসেব নিতে হবে পুরুলিয়ার লড়াকু বিজেপি যুব কর্মীদের।এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা যুব সভাপতি নীলোৎপল সিংহ, সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, সম্পাদক আব্দুল আলিম আনসারি প্রমুখরা।
শেয়ার করুন