নিজস্ব সংবাদদাতা, আড়ষা, ২৯ ডিসেম্বর ২০২১ঃ

সরকারি ধান ক্রয় কেন্দ্রে চাষীদের কাছ থেকে ধান কেনায় অনিয়ম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জমির রেকর্ড করতে হায়রানি সহ আরো একাধিক বিষয়ে ক্ষোভ জানিয়ে আজ, বুধবার আড়ষা থানার মিসিরডি মোড়ে প্রায় তিনঘন্টা পথ অবরোধ করেন স্থানীয় ভূমি রক্ষা কমিটির সদস্যরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘোরতর পর্যটন মরশুমে অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা বিপুল সংখ্যক পর্যটকদেরও দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় অবরোধের জেরে। পরে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

আড়ষা ভূমি রক্ষা কমিটির চেয়ারম্যান দেবেন মাহাত বলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সাধারণ মানুষকে নিত্যদিন হায়রানির শিকার হতে হচ্ছে। জমির রেকর্ড করাতে গিয়ে কৃষকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তিনি আরও বলেন, ধান বিক্রি করতে গেলে চাষীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ধান বিক্রি করতে গেলেও টাকা চাওয়া হচ্ছে চাষীদের কাছে। টাকা না দিলেই বিভিন্ন অজুহাতে চাষীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কমিটির সদস্যদের পক্ষ থেকে মিসিরডি মোড়ে সরকারি ধান ক্রয় কেন্দ্র চালু করার দাবিও জানিয়ে । এদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবরোধ চলে। অবরোধের জেরে যানজটের ফলে পর্যটকরা ব্যাপক সমস্যায় পড়েন। অযোধ্যা পাহাড় পৌছানোর আগেই পর্যটকদের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়। এবিষয়ে আন্দোলনকারী ভূমি রক্ষা কমিটির চেয়ারম্যান দেবেনবাবু বলেন, পর্যটকদের কিছু সমস্যা হয়েছে ঠিকই। তবে সভাধিপতি আসার পরেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। এবিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, অবরোধকারীদের দাবি গুলি খতিয়ে দেখা হবে। তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত তাঁদের সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, পর্যটকরা সমস্যায় পড়েছেন ঠিকই। যানজট দ্রুত মুক্ত করার চেষ্টা করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page