নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১০ নভেম্বর ২০২১ঃ

আজ ছট পুজো। দুপুরের পরই পুরুলিয়া শহরের সাহেব বাঁধের ঘাটে শুরু হয়ে যাবে পূন্যার্থীদের জমায়েত। তাই গত তিন-চার দিন থেকেই পৌরসভার পক্ষ থেকে পুকুর ঘাটটিকে সুসংহত পরিস্থিতিতে নিয়ে আসতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গত তিন-চার দিন থেকেই পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি ও প্রশাসক মন্ডলীর সদস্য রবিশঙ্কর দাস দফায় দফায় সাহেব বাঁধ ঘাট পরিদর্শন করেছেন। দফায় দফায় বৈঠক সেরেছেন পুরুলিয়া ছট পুজো কমিটির সঙ্গে। পৌর প্রশাসক মন্ডলীর সদস্যরা বলেন, পুরুলিয়ার পৌর নাগরিকরা যাতে পুকুর ঘাটে তাঁদের উৎসব যথাযথ সুষ্ঠ ভাবে এবং সুসংহতভাবে পালন করতে পারেন, পৌরসভার পক্ষ থেকে সেই পরিবেশ তৈরী করতে ১০০ শতাংশ প্রয়াস করা হয়েছে।

বুধবারও শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সকাল ৭ টাতেই সাহেব বাঁধ ঘাটে পৌঁছলেন রবিশঙ্কর দাস। তিনি বলেন, ভোর থেকেই সাফাই কর্মীরা ঘাটের সামনের রাস্তা ও সংলগ্ন পরিসর সাফাই-এর কাজে লেগেছেন। আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ রাস্তাঘাট জল দিয়ে ধুয়ে দেওয়া হবে বলেও জানান রবি শঙ্কর দাস। তিনি আরো বলেন, পুকুরের কিছুটা অংশের জলকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে পৌরসভার পক্ষে। যাতে জলের মধ্যে আচার পালনে পূন্যার্থীরা নিরাপদ দূরত্ব পর্যন্তই যেতে পারেন, সেকারনেই এই ব্যবস্থা। রবিশঙ্কর দাস জানান, আজ দুপুরের পর থেকেই সায়েন্স মিউজিয়াম থেকে হরিপদ সাহিত্য মন্দির পর্যন্ত রাস্তায় বহিরাগত যানবাহন বন্ধ থাকবে। তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে ক্রমাগত স্যানিটাইজেশন সহ কোভিড নিয়ম পালন করা হবে। এমনকি জলে যেকোনো রকম দুর্ঘটনা এড়াতে পৌরসভার কর্মীরা নৌকা বিহারের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব থেকে ঘাটের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখবেন বলেও জানিয়েছেন রবিশঙ্কর দাস।

শেয়ার করুন

You cannot copy content of this page