নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৫ জানুয়ারি ২০২২ঃ
আজ, শনিবার সকালের জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী পুরুলিয়া জেলায় মোট করোনা অ্যাক্টিভ ১১১২। জানা গিয়েছে শুক্রবার জেলাতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯০ জন। এবছর পৌষ সংক্রান্তি ও টুসু মেলায় সরকারি কোভিড বিধির রাস ভালভাবে টানা গেছে বলেই পরবের দিনেও জেলাতে সংক্রমণ নিয়ন্ত্রণে বলে মনে করছেন প্রশাসনের একাংশ। এদিকে পুরুলিয়া পৌর এলাকায় কোভিড সংক্রমণে নিয়ন্ত্রণ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্বাস্থ্য দফতর। শুক্রবার পর্যন্ত পুরুলিয়া পৌর এলাকার মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯২ বলে রিপোর্টে উল্লেখ। দৈনিক সংক্রমণের সংখ্যাতেও নিয়ন্ত্রণ পাওয়া গিয়েছে। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী শুক্রবার পুরুলিয়া পৌর এলাকার নতুন আক্রান্ত ৫৪ জন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদ্রা, নিতুড়িয়া, রঘুনাথপুর-১-কে ছাড়িয়ে জেলার পুঞ্চা ব্লকে সংক্রমণ বাড়ছে। শুক্রবার পর্যন্ত সেখানে অ্যাক্টিভ কেস ৮১। যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে কড়া কোভিড বিধি লাগু করা হয়েছে বলে জানা গিয়েছে।

