নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৭ জানুয়ারি ২০২২ঃ

কোভিড আক্রান্ত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। এদিন সকালেই আর এ টি-তে তাঁর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি ধরা পড়ে। পুরুলিয়া শহরের রাচি রোডে সভাধিপতির বাংলোতে গিয়ে জেলা স্বাস্থ্য দফতরের একটি দল তাঁর করোনা পরীক্ষা করে। আর টি পি সি আর-এর জন্য সভাধিপতির শরীরের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। পজিটিভ রিপোর্টের পরই তিনি রাঁচি রোডের বাংলোতে আইসোলেশনে চলে যান। বাংলোর গেটও বন্ধ করে দিতে বলেন। এদিন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক, বাংলোর রাঁধুনি সহ সকলের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়ে গিয়েছে। আগামী কালই রিপোর্টও পাওয়া যাবে। জেলা পরিষদ, রাজনৈতিক পরিসর ও অরাজনৈতিক পরিসরের সকল সাধারণ, যাঁরা কয়েকদিনের মধ্যে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষার জন্য এদিন নিজের বাংলো থেকেই আবেদন জানিয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ, শুক্রবার পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী জেলাজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭। বৃহস্পতিবার, একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন বলে প্রশাসনিক রিপোর্টে উল্লেখ। পুরুলিয়া পৌর এলাকায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫৩। বৃহস্পতিবার, একদিনেই পৌর এলাকায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page