নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর ২০২১ঃ
আজ, বৃহস্পতিবার সিপিআইএম পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির ডাকে একাধিক দাবি নিয়ে একটি নাগরিক কনভেনশনের আযোজন করা হয়। পুরুলিয়া শহরের গোশালার নিকট এদিনের নাগরিক কনভেনশনের সভা মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। এছাড়াও এদিনের নাগরিক সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম-এর পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায়, সিপিএম-এর পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক নিখিল মুখার্জি, পুরুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণপদ বিশ্বাস, শ্রমিক সংগঠন সিটু-র পুরুলিয়া জেলার বর্ষীয়ান নেতা হারাধন বন্দ্যোপাধ্যায়, দলের শিক্ষক সংগঠনের বর্ষীয়ান জেলা নেতা বিনয় রজক সহ অন্যান্যরা।

সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি এদিন তাঁর বক্তব্যে জানান, অন্যতম ব্যস্ত বরাকর রোডের উপর গোশালার নিকট রেল গেটে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহনের যানজট হয়। বহু মানুষকে চরম হয়রানির শিকার হতে হয়। নিলয় বাবু জানান, আমরা দলীয় ও সাংগঠনিক ভাবে দীর্ঘদিন ধরে গোশালা লেবেল ক্রসিং-এ ফ্লাইওভারের দাবি জানিয়ে আসছি। কিন্তু রেল দপ্তর এর কোন সুরাহা করতে ব্যর্থ। নিলয় মুখার্জি আরো বলেন, খুব শীঘ্রই পুরুলিয়া-কোটশিলা লাইন ডবল লাইনে রূপান্তরিত করা হবে। বর্তমান লাইনের পার্শ্ববর্তী দুঃস্থ ও গরীব মানুষদের সারানোর নোটিশও এসে গিয়েছে। নিলয় বাবু বলেন, আমাদের দাবি, ওইসব গরীব মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা না করে রেল কর্তৃপক্ষ তাঁদের উচ্ছেদ করতে পারবে না। সিপিআইএম-এর জেলা সম্পাদক প্রদীপ রায় এদিন বলেন, বরাকর রোডের সমস্যা পুরুলিয়া শহরের ছোট সমস্যা নয়। এটা গোটা শহরের অন্যতম প্রবেশ পথ। তিনি বলেন, এই কারণে গোশালা রেল গেটে ফ্লাইওভার, পুরুলিয়া-কোটশিলা ডবল লাইন করতে হলে পার্শ্ববর্তী বসবাসকারী গরীব মানুষদের পুনর্বাসনের দাবি ছাড়াও আমাদের আরো দাবি বোঙাবাড়ি শ্মশান সংলগ্ন সংকীর্ণ ব্রীজকে চার বা অধিক লেনের ব্রীজে রূপান্তরিত করা। এক্ষেত্রে রেল ও জেলা প্রশাসন বা সরকারের একটা কো-অর্ডিনেশন থাকা দরকার। তিনি বলেন, এবিষয়ে আমরা গত একবছর ধরে রেলে আদ্রা ডিভিশনের ডি আর এম, পুরুলিয়া স্টেশন ম্যানেজার, পুরুলিয়ার জেলাশাসকক, সকলের কাছে এবিষয়ে আমরা বারে বারে আলোচনা করেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, জেলা প্রশাসন বা সরকার এবং রেল কর্তৃপক্ষের মধ্যে কোন কো-অর্ডিনেশন নেই, অভিযোগ প্রদীপবাবুর। এদিন সভা মঞ্চে নিজের বক্তব্যে সিপিআইএম-এর প্রাক্তন সাংসদ তথা রেলের স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া বলেন, আমি রেল দপ্তরকে হাড়ে হাড়ে চিনি। ওদের আঠারো মাসে বছর, দাবি বাসুদেব আচারিয়ার। তিনি বলেন, গোশালা ফ্লাইওভার, বোঙাবাড়ি শ্মশান সংলগ্ন সংকীর্ণ ব্রীজের সম্প্রসারণের দাবি নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করছি। একবছর আগেও ডিআরএম-এর দপ্তরে এবিষয়ে আমরা সাংগঠনিক ভাবে দাবি জানিয়ে এসেছি। এদিন বাসুদেব আচারিয়া কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে বলেন, রেল বেসরকারীকরণের চক্রান্ত করছে কেন্দ্র। তিনি বলেন রেল কর্তৃপক্ষ যেভাবে বহু ট্রেন লকডাউনের পর বন্ধ করে দিচ্ছে তাতে দৈনিক খেটে খাওয়া মানুষের যাতায়াতে চরম সংকট আসছে। প্রদীপ রায় ও বাসুদেব আচারিয়ার দাবি বিগত দিনে বামপন্থীরা বহু উন্নয়ন মূলক পদক্ষেপ নিয়েছে। কিন্তু মানুষকে পুনর্বাসন দিয়েই এই উন্নয়ন করা হয়েছে। এদিন তাঁরা উপস্থিত মানুষকে এইসব দাবি নিয়ে গণ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।
শেয়ার করুন