নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর ২০২১ঃ

গতকাল, বুধবার রাজ্যজুড়ে অবাধ ও শান্তিপূর্ণ পৌর নির্বাচনের দাবিতে বামপন্থীদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশি জুলুম ও বাম নেতাদের অনৈতিকভাবে গ্রেফতারের প্রতিবাদে, আগামী ৫ জানুয়ারি ২০২২ যে নতুন ভোটারদের তালিকা প্রকাশিত হতে যাচ্ছে, সেই তালিকা অনুযায়ী অবাধ নির্বাচন এবং রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতার দাবিতে আজ জেলার সর্বত্র বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন এরিয়া কমিটির মাধ্যমে এদিন বিক্ষোভ পথসভা ও মিছিল করা হয়েছে জেলাজুড়ে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত কলকাতা কর্পোরেশনের নির্বাচনে কমিশনের পরোক্ষ মদতে তৃণমূল যথেচ্ছ ভোট লুঠ করেছে বলে সিপিআইএম সহ রাজ্যের বাম দলগুলির অভিযোগ। রাজ্যের অবশিষ্ট কর্পোরেশন ও পৌরসভাগুলিতে যেন সেই প্রক্রিয়া অব্যাহত না থাকে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন সংগঠিত হয়, সেই দাবি নিয়ে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয় অভিযান করে বামপন্থীরা। বামপন্থী সংগঠনগুলির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশি জুলুম হয়েছে এবং একইসঙ্গে প্রায় সাড়ে তিনশো বাম সমর্থকদের অনৈতিকভাবে গ্রেপ্তার করে পুলিশ। এরই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার সিপিআইএম সহ রাজ্যের বামপন্থী রাজনৈতিক দলগুলি রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিন সিপিআইএম-এর উত্তর এরিয়া কমিটির ডাকে শহরের অলঙ্গিডাঙার বিক্ষোভ সভায় তাঁর বক্তব্যে এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি বলেন, প্রথমত কলকাতা কর্পোরেশনের নির্বাচনে কমিশনের প্রচ্ছন্ন ও পরোক্ষ মদতে শাসক দল চূড়ান্ত ভোট লুঠ করে জিতেছে। এটা গণতন্ত্রের হত্যা। নিলয় মুখার্জি আরো বলেন, অথচ গণতন্ত্রিক পদ্ধতিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি নিয়ে বামপন্থীরা বুধবার নির্বাচন কমিশনের দপ্তর অভিযান করলে তৃণমূলের দলদাস পুলিশ প্রায় সাড়ে তিনশো বাম কর্মীদের গ্রেফতার করে প্রেসিডেন্সি জেলে ভরে দেয়। এরিয়া কমিটির সদস্য তথা সিপিআইএম-এর যুব সংগঠনের জেলা নেতা মহসিন খান ও আর এস পি-র জেলা নেতা দীপক দাস তাঁদের বক্তব্যে বলেন, আগামী ২ জানুয়ারি ২০২২ নতুন ভোটারদের তালিকা চূড়ান্ত হবে। যা আগামী ৫ জানুয়ারি ২০২২ প্রকাশিত হবে। তাঁরা দাবি করেন অপদার্থ ও তৃণমূলের দলদাস নির্বাচন কমিশন নতুন ভোটারদের রাজ্যজুড়ে পৌর নির্বাচনে অংশগ্রহন করতে দিতে চাইছে না। দীপক দাস ও মহসিন খানের অভিযোগ, দীর্ঘ এগারো বছর ধরে রাজ্যে চাকরি নেই তরুণ, যুব ও নব প্রজন্মের। অপদার্থ তৃণমূল সরকার দীর্ঘ সময় ধরে রাজ্যে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চূড়ান্ত ব্যার্থ। মহসিন খানের দাবি, সেকারনেই শাসক দল জানে নতুন ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ করলে তৃণমূল হেরে যাবে। তাই নতুন ভোটারদের বাদ দিয়ে অসম্পূর্ণ ভোটার তালিকা নিয়েই নির্বাচন করানোর অনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে শাসকের দলদাস নির্বাচন কমিশন, অভিযোগ সিপিআইএম-এর বক্তাদের। তাঁরা বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দাবি করছি আগামী ৫ জানুয়ারি নতুন ভোটারদের যে তালিকা প্রকাশিত হতে যাচ্ছে, রাজ্যের অবশিষ্ট পৌর নির্বাচনে সেই তালিকা অনুযায়ী সকলকে অংশগ্রহন করতে দিতে হবে। এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে সিপিআইএম-এর দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক বিমলেন্দু কোনার, সিপিআইএম-এর জেলা নেতা হারাধন বন্দ্যোপাধ্যায় ও শিক্ষক নেতা বিনয় রজক এবং আর এস পি-র জেলা সম্পাদক অত্রি চৌধুরী। এদিন ট্যাক্সিস্ট্যান্ডের পথসভা থেকে “রাজ্যে সুষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠার” দাবিতে বামপন্থী আন্দোলনের সঙ্গে লড়াইয়ে সামিল হওয়ার জন্য মানুষকে আহ্বান জানান সিপিআইএম তথা বামপন্থী বক্তারা

শেয়ার করুন

You cannot copy content of this page