নিজস্ব সংবাদদাতা, বরাবাজার ও পুরুলিয়া, ১৯ সেপ্টেম্বর ২০২১ঃ

অবশেষে ঘটনার দেড়দিন পর খোঁজ মিলল বরাবাজার ব্লক হাসপাতালের মৃত মহিলা চিকিৎসক সুচিত্রা সিং-এর চার বছরের সন্তানের। তবে মৃতার স্বামীর এখনো খোঁজ মেলেনি। মৃতার শিশু সন্তান তার দাদু-ঠাকুমার কাছে আছে বলে রবিবার পুলিশের দাবি। মৃতার স্বামীর জোর খোঁজ শুরু করেছে পুলিশ।পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরগান বলেন, ঘটনার তদন্ত চলছে। মৃত চিকিৎসকের স্বামীকেও সন্দেহের উর্দ্ধে রাখা হচ্ছে না।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বারবাজার হাসপাতালের আবাসন থেকেই ওই হাসপাতালের চিকিৎসক সুচিত্রা সিং-এর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। পরে ওই ঘটনায় বরাবাজার থানার পুলিস খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। গত সোমবার ওই চিকিৎসক ও তাঁর স্বামীকে শেষবারের জন্য একসঙ্গে দেখা গিয়েছিল। তারপরের দিন থেকেই বাইরে থেকে তালা বন্ধ ছিল চিকিৎসকের আবাসন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই চিকিৎসকের স্বামীর গত সপ্তাহের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতির খোঁজ পায়। বরাবাজার থানার পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, একদিনের মধ্যেই ঘটনায় তদন্তের জাল অনেকটাই গুটিয়ে ফেলেছেন তদন্তকারীরা। খুনীর বিষয়ে বেশ কিছু তথ্যপ্রমাণও ইতিমধ্যে জোগাড় করতে পেরেছে বরাবাজার থানার পুলিশ। যদিও তদন্তের স্বার্থে তা এখুনি প্রকাশ করা হচ্ছে না বলে পুলিশের দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page