নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৭ সেপ্টেম্বর ২০২১ঃ
গতকাল, বৃহস্পতিবার রাত্রি ১০ টা নাগাদ হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে জেলার কোটশিলা থানার অন্তর্গত বন বিভাগের সিমনি বীটের চিরুগড়া গ্রামে। স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গ্রামে অধিক রাত্রি পর্যন্ত চলছিল করম পুজোর আখড়া বা প্রস্তুতি। রাত্রি পৌনে দশটা নাগাদ গ্রামেরই ৬৫ বছরের বিধবা বৃদ্ধা সুখদা মাহাত আখড়ার শেষে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে সুখদা দেবী কাছের নলকূপে জল আনতে গিয়েছিলেন। সেই সময় আচমকা একটি হাতি এসে সুখদা দেবীকে আছড়ে ফেললে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। রাতেই দেহটি উদ্ধার করে পুলিশ। আজ, শুক্রবার সকালেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গ্রাম সংলগ্ন পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গল থেকে দলছুট এই একটি দাঁতাল বৃহস্পতিবার রাতে কোনভাবে চিরুগড়া গ্রামে ঢুকে পড়াতেই এই বিপত্তি বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পর সুখদা দেবী ছেলে কালিপদ মাহাতর পরিবারের সঙ্গে বসবাস করতেন। শুক্রবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং ডি এফ ও দেবাশিস শর্মা চিরুগড়া গ্রামে মৃতার পরিবারের সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের আড়াই লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন। এদিন সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতার পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।


