নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১০ ডিসেম্বর, ২০২০
২০১৮-র মার্চ মাসের বেতন শেষ পেয়েছিলেন এঁরা। ওই বছরের এর্রিল থেকে বন্ধ হয়ে আছে বেতন। তাই সরকারি ঊষরমুক্তি প্রকল্পে নিযুক্ত চুক্তি ভিত্তিক ধারা সেবকরা এবার বকেয়া বেতন পেতে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী শান্তিরাম মাহাতর দ্বারস্থ হলেন। দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের দাবিতে ব্লকের বিডিও থেকে শুরু করে জেলা শাসক পর্যন্ত ছুটেছেন বাঘমুন্ডি ব্লকের ৫২ জন ধারাসেবক।তবে কোন ফল হয় নি। তাই বৃহস্পতিবার তাঁরা বকেয়া বেতন পেতে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী শান্তিরাম মাহাতর সঙ্গে সাক্ষাত করলেন।
প্রসঙ্গত ২০১৭-র নভেম্বর থেকে ২০১৮-র জানুয়ারি পর্যন্ত সরকারি ঊষরমুক্তি প্রকল্পে চুক্তির ভিত্তিতে জেলার বিভিন্ন ব্লকে ধারাসেবকদের নিযুক্ত করা হয়। বাঘমুন্ডি ব্লকে নিযুক্ত হন ৬১ জন। ব্লকের ধারা সেবকদের মধ্যে ধীরেন চন্দ্র গঁরাই, রাজ কুমার কুন্ডু, দিলীপ চন্দ্র পরামাণিক প্রমুখরা বলছেন, প্রকল্প চালু থাকলেও তাঁরা পাচ্ছেন না মাসিক বেতন। বেতন বকেয়া গত ২০১৮-র এপ্রল থেকে। ধীরেন চন্দ্র গঁরাই বলেন, ব্লক থেকে জেলা শাসক দপ্তর, সর্বত্রই দরবার করা হয়েছে। বাঘমুন্ডি ব্লকে প্রথমে ৬১ জন ধারা সেবক নিযুক্ত হলেও ৯ জন অন্য কাজে চলে যাওয়ায় বর্তমানে ৫২ জন বকেয়া বেতনের দাবিতে এদিন সভাধিপতি ও মন্ত্রীর দ্বারস্থ হন বলে ধীরেন চন্দ্র গঁরাই জানান। সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এদিন ধারা সেবকদের বকেয়া বেতনের বিষয়টি সংশ্লিষ্ট নোডাল অফিসারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
শেয়ার করুন