নিজস্ব সংবাদদাতা, পাড়া, ৩ মে ২০২২ঃ

আজ সকালে একটি যাত্রীবাহী ছোট গাড়ির সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। ঘটনাটি ঘটেছে পাড়া থানার অন্তর্গত পাহাড়িগোড়া থেকে চন্দনকেয়ারি যাওয়ার রাস্তায় হাড়াই নদীর ব্রীজের সন্নিকটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মন্টু গরাই (৪৬)। বাড়ি সাঁওতালডি থানার কাকি বাজার এলাকায়।

জানা গিয়েছে, মন্টু গরাই মঙ্গলবার সকাল ছ’টার সময় চন্দনকেয়ারি থেকে বাজার করে মোটরবাইক চালিয়ে ফিরছিলেন। হাড়াই নদীর ব্রীজের কাছে উল্টো দিক থেকে চন্দনকেয়ারির দিকে যাওয়া একটি মারুতি যাত্রীবাহী গাড়ি বেপরোয়া গতিতে এসে মোটরবাইকে ধাক্কা মারলে বাইক আরোহী ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা পাড়া থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসে। আহতকে তুলে সংলগ্ন ঝাড়খণ্ডের চন্দনকেয়ারির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় মন্টু গরাইয়ের বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page