নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ মে ২০২২ঃ

দুয়ারে মদ প্রকল্প বাতিলসহ কয়েক দফা দাবিতে ডিএম দপ্তরে বিক্ষোভ ও অবরোধে শামিল হল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। প্রসঙ্গত আজ বৃহস্পতিবার মহিলা সংগঠনের দুই শতাধিক মহিলা শহরের জুবিলি ময়দান থেকে মিছিল করে ডিএম দপ্তরের সামনে এসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় এবং রাস্তা অবরোধ করে রাখে। তাদের মূল দাবি ছিল দুয়ারে মদ প্রকল্প বাতিল করতে হবে, নারী নির্যাতন বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মূলত এই তিন দফা দাবির ভিত্তিতে শহরে একটি সুসজ্জিত মিছিল পরিক্রমা করে এসে এই কর্মসূচিতে শামিল হয়। সংগঠনের জেলা সম্পাদিকা রানী মাহাতোর নেতৃত্বে 5 জনের একটি প্রতিনিধিদল ডিএম এর কাছে ডেপুটেশন দিতে যান। সংগঠনের জেলা সভানেত্রী বন্দনা ভট্টাচার্য্য বলেন আজকে যখন মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন-জীবিকা জেরবার, ঘরে ঘরে বেকার যুবক, তাদের কাজ নেই, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে মদ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে এলাকায় এলাকায় জঙ্গি মহিলা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অঞ্জলি নন্দী।

শেয়ার করুন

You cannot copy content of this page