নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২ জানুয়ারি ২০২২ঃ
আবার করোনা সংক্রমণের আশঙ্কা। এবার তৃতীয় ঢেউ। নতুন বছরের প্রথম দিন, শনিবারই জেলাতে মোট সংক্রমণ প্রায় ৪০ ছুঁই ছুঁই। কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। এদিকে জেলার সর্বত্র পর্যটকদের আনাগোনা, ভনভোজন দলগুলির ভিড়। বিষয়টিকে কোনভাবেই হালকা চালে নিতে চায় না জেলা প্রশাসন। তাই এই পরিস্থিতিতে মাস্ক পরার প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা সহ সংক্রমণ এড়াতে রবিবার গোটা শহরজুড়ে একেবারে সাত সকালেই বেরিয়ে পড়লেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক। এদিন সাত সকালেই পুরুলিয়া শহরের বড় হাট, মেন রোড, চাইবাসা রোড, বাসস্ট্যান্ড, চকবাজার সহ শহরের প্রায় অধিকাংশ এলাকায় মানুষকে সংক্রমণ বিষয়ে সজাগ করতে বেরি পড়েন জেলা শাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক মুফতি সামিম সৌকত, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার পিনাকি দত্ত, ডি এস পি ট্রাফিক মিহির কুমার দাস। সঙ্গে ছিলেন পুরুলিয়া টাউন থানার আধিকারিক ও পুলিশ কর্মীরাও। মানুষকে সচেতন করার পাশাপাশি এদিন প্রশাসনের আধিকারিকরা বিপুল সংখ্যক মাস্ক বিলিও করেন বলে জানা গিয়েছে। এদিকে আজ নতুন বছরের প্রতম রবিবার। জেলার পর্যটন স্থলগুলিও পরিপূর্ণ। জানা গিয়েছে, এদিন পর্যটক ও বনভোজন দলগুলির সদস্যদের যাঁদের মাস্ক ছিল না, তাঁদেরও রাস্তায় দাঁড় করিয়ে মাস্ক বিতরণ করেন আধিকারিকরা।





