নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ সেপ্টেম্বর ২০২১ঃ

আজ, শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরের নিজেরই তালা বন্ধ কোয়ার্টার থেকে এক মহিলা চিকিৎসকের পচা-গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে জেলার বরাবাজার ব্লক হাসপাতালে। এদিন বরাবাজার ব্লক হাসপাতালে নিজের কোয়ার্টার থেকে এক মহিলা চিকিৎসকের পচা-গলা মৃতদেহ তালা ভেঙে উদ্ধার করে বরাবাজার থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন ঘটনার পরই জোর তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এ বিষয়ে পুরুলিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত বলেন, এদিন বরাবাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে তিনি জানতে পারেন ওই হাসপাতালেরই চিকিৎসক সুচিত্রা সিং সর্দারের মৃতদেহ হাসপাতাল কোয়াটার থেকে উদ্ধার হয়েছে। ব্লকের স্বাস্থ্য আধিকারিকরা প্রথমে বিষয়টি বারাবাজার থানায় জানান। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মানবাজারের মহকুমা পুলিস আধিকারিক রাহুল পান্ডে জানান, হাসপাতালের কোয়ার্টার থেকে এদিন বাইরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। হাসপাতাল কর্মীদের এবং স্থানীয় মানুদের বিষয়টিতে সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে ওই মহিলা চিকিৎসকের সরকারি আবাসনের তালা ভেঙ্গে পুলিশ ভেতরে ঢোকে। আবাসন থেকে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের ময়না তদন্তের পরই এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page