নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

আগামী বছরের জানুয়ারি মাসের প্রথমেই পুরুলিয়া জেলাজুড়ে আবার শুরু হচ্ছে “দুয়ারে সরকার”-এর কর্মসূচি। তবে যত দিন যাচ্ছে দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে জেলার আরো বেশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি জনমুখী সুযোগ সুবিধাগুলি বেশি করে ও সহজে পৌঁছে দিতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন। আর তাই এবার জেলা প্রশাসনের পদক্ষেপ “আমার গ্রাম পঞ্চায়েত”। জানুয়ারি মাসের প্রারম্ভে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলেও তার অনেক আগেই এবার জেলার প্রত্যন্ত এলাকার মানুষের দুয়ারে পৌঁছে যাবেন ব্লক প্রশাসনের কর্তারা। উদ্দেশ্য, সেসব এলাকার বাসিন্দাদের অধিক মাত্রায় সরকারি সুযোগ পৌঁছে দিতে বিশেষ সার্ভে বা সমীক্ষা।

পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার কুড়িটি ব্লকেই একটি করে গ্রামকে চিহ্নিত করা হয়েছে। যে গ্রামগুলির অবস্থান সদর থেকে দূরবর্তী বা প্রত্যন্ত এলাকায়, অর্থাৎ যেগুলির যোগাযোগ ব্যবস্থা কম। সেইসব গ্রামে “আমার গ্রাম পঞ্চায়েত” নামের একটি কর্মসূচির অন্তর্গত ব্লকের কর্তাদের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পের আগেই ঘরে ঘরে সমীক্ষা চালানো হবে। আজ (মঙ্গলবার) থেকেই এই সমীক্ষা পর্বটি শুরু হচ্ছে বলে সূত্রের খবর। সমীক্ষা চলবে আগামী ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, বিভিন্ন সরকারি ভাতা বা জাতি শংসাপত্র ইত্যাদি সরকারি কোন কোন সুবিধাগুলি বিগত দিনের ক্যাম্পের মাধ্যমে ওইসব এলাকার মানুষের কাছে কতটা পৌঁচেছে বা কোন কোন ক্ষেত্রে কতটা ঘাটতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবে ব্লকের সমীক্ষা দল। সূত্রে আরো জানা গিয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার অাগেই সেই রিপোর্ট জেলা প্রশাসনের সদর দপ্তরে পৌঁছে যাওয়ার নির্দেশও রয়েছে।

এ বিষয়ে পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার জানান, প্রতিটি ব্লকের প্রশাসনিক কর্তাদের তত্ত্বাবধানে ব্লকের কর্মীদের মাধ্যমে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে। তিনি আরো বলেন, এই সমীক্ষার ফলে ক্যাম্প শুরুর আগেই প্রতিটি ব্লকের একটা সার্বিক চিত্র পাওয়া সম্ভব। যাতে বোঝা যাবে যে, বিগত দিন সরকারি কোন সুযোগ সুবিধায় সংশ্লিষ্ট এলাকায় ঘাটতি রয়ে গিয়েছে এবং একই সঙ্গে কোন ব্লকে কোন কোন বিষয়ে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষভাবে জোর দিতে হবে, তারও একটা সুষ্ঠ ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা শাসক রাহুল মজুমদার।

শেয়ার করুন

You cannot copy content of this page