নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর ২০২১ঃ
নতুন বছরে (২০২২) পুরুলিয়া পৌরসভা এলাকায় “দুয়ারে সরকার”-এর ক্যাম্পগুলি থেকে নির্ধারিত জনমুখী সুবিধাগুলি ছাড়াও বেশ কিছু বাড়তি সুবিধা পৌর নাগরিকদের দিতে চলেছে পুরুলিয়া পৌরসভা। পুরুলিয়া পৌরকর্তা হিসেবে নতুন বছরের প্রাক্কালে পৌর নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজ, শুক্রবার রাঙামাটি সংবাদ পুরুলিয়া-র প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে পৌর প্রশাসক নবেন্দু মাহালি বলেন, আগামী ২ জানুয়ারি ২০২২ থেকে পুনরায় শুরু হতে চলেছে “দুয়ারে সরকার” কর্মসূচি। দুয়ারে সরকার ক্যাম্পগুলি থেকে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত একগুচ্ছ সরকারি সুযোগ সুবিধা জনগণকে দেওয়া হচ্ছে গত এক বছর ধরে। নতুন বছরে পুরুলিয়া পৌর এলাকার নাগরিকদের জন্য সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি ক্যাম্পে তো থাকছেই। সঙ্গে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আরো কিছু বাড়তি সুযোগ সুবিধাও পাবেন নাগরিকরা, জানাচ্ছেন নবেন্দু মাহালি। তিনি বলেন, পুরুলিয়া পৌরসভার অন্তর্গত নাগরিকদের বাড়ি বা জমির মিউটেশন, ট্রেড লাইসেন্স ইত্যাদি সংক্রান্ত সুবিধাগুলিও এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পুরুলিয়া পৌর নাগরিকরা পাবেন বলে জানিয়েছেন পৌর প্রশাসক।
এদিন নতুন বছরের প্রাক্কালে পুরুলিয়া পৌর নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে নবেন্দু মাহালি বলেন, নতুন বছরে পুরুলিয়া পৌর নাগরিকদের মধ্যে আমরা বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রচার চালাব এবং তাঁদের কাছে আবেদন করব প্লাস্টিক, পলিথিন ও থার্মাকলের থালা-বাটি-গ্লাসের ব্যবহার বন্ধ করুন। তিনি বলেন, পুরুলিয়া শাল-পলাশের দেশ। নাগরিকরা পরিবেশ বান্ধব শাল পাতার ব্যবহার করলে একদিকে যেমন পরিবেশগত বিপর্যয়ের সম্ভবনা থাকবে না, অন্যদিকে তেমনি জেলার বহু গ্রামীণ মানুষও অর্থনৈতিক ভাবে বিশেষ উপকৃত হবেন। নবেন্দু মাহালি জানিয়েছেন, ২০২২ সালের শুরু থেকেই এই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করার ক্ষেত্রেও পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে নানান প্রচার মূলক কর্মসূচি গ্রহনের পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের।
বিগত প্রায় দুটি বছর করোনা পরিস্থিতিতে নাগরিকরা নানান সমস্যা ও সংকটে পড়েছেন। নবেন্দু বাবু বলেন, অনেক কষ্ট সহ্য করে মানুষ এই সময় অতিবাহিত করেছেন। বর্তমানে আবার ওমিক্রন-এর সংক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে সর্বত্রই। তাই নতুন বছরে পৌর নাগরিকদের শারিরীক সুস্থতা প্রার্থনা করা ছাড়াও নাগরিকদের বিশেষভাবে সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। একই সঙ্গে সংক্রমণের সম্ভাবনা ঠেকাতে এবং নাগরিকদের সচেতন করতে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে নতুন বছরেও সবরকম সহযোগিতা ও বিভিন্ন কর্মসূচি একইভাবে জারি থাকবে বলে জানিয়েছেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি।
শেয়ার করুন