নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ নভেম্বর ২০২১ঃ
আজ সকালেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর সংসদের দুই কক্ষে পাশ হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেন। এই ঘটনারই প্রেক্ষিতে দিল্লিতে গত এক বছর ধরে আন্দোলনরত কৃষকদের ও দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শহরে মিছিল ও পথসভা করল এস ইউ সি আই (সি) – র পুরুলিয়া জেলা কমিটি ও সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটি।
এদিন শহরের নীলকুঠিডাঙার দলীয় কার্যালয় থেকে এস ইউ সি আই সি-র জেলা কমিটির সদস্যরা শহর জুড়ে মিছিল করার পর হাটতলা মোড়ে একটি পথসভাও করেন। পথসভায় নিজেদের বক্তব্যে “তিনটি কালা কৃষি কানুন” দেশের প্রধানমন্ত্রীর প্রত্যাহারের ঘোষণায় কৃষকদের ঐতিহাসিক জয় বলে ব্যখ্যা করেন দলীয় সদস্য রঙ্গলাল কুমার, সুবর্ণ কুমার প্রমুখরা। রঙ্গলাল কুমার এদিন গত এক বছর ধরে “সংগ্রামরত” কৃষকদের লাল সেলাম জানিয়েছেন।
অন্যদিকে এদিন বিকেলে শহরের অলঙ্গিডাঙায় নিজেদের পথসভা থেকে দীর্ঘ এক বছর ধরে আন্দোলন রত কৃষকদের অভিনন্দন জানিয়েছেন সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির সদস্যরাও। তিনটি কৃষি বিল প্রত্যাহারের প্রধানমন্ত্রীর ঘোষণাকে কৃষকদের ঐতিহাসিক জয় বলে ব্যখ্যা করে দলের উত্তর এরিয়া কমিটি একটি মিছিল ও পথসভা করে। অলঙ্গিডাঙায় এই পথসভায় নিজেদের বক্তব্যে আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়েছেন উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি, সদস্য ব্যোমকেশ দাস, জিতেন ওঝা সহ অন্যান্যরা। এদিন কমিটির সম্পাদক নিলয় মুখার্জি বলেন, ঝড়-বৃষ্টি-রোদ, প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে গত এক বছর ধরে কৃষকরা কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী কৃষি কানুনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। নিলয় বাবু বলেন, আজ দেশের প্রধানমন্ত্রীর ঘোষণায় দেশের সামাজিক প্রেক্ষাপটে কৃষকদের এক ঐতিহাসিক জয় হল। নিলয় বাবু সহ পথসভায় অন্যান্য বক্তারাও এদিন বলেন, কৃষক আন্দোলনের সমর্থনে গত এক বছরে বামপন্থীদের বনধ, মিছিল ও বিভিন্ন সংগ্রামী কর্মসূচিতে যেভাবে পুরুলিয়ার জনগণ সহযোগিতা করেছেন, তাতে আজকের ঐতিহাসিক জয়ের অংশীদার সাধারণ সকল শ্রেণীর মানুষও। এদিন সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির পথসভা থেকে কমিটির সদস্য বক্তারা কৃষক আন্দোলনের সাফল্যের উদাহরণ টেনে সাম্প্রতিক সময়ে পেট্রো পণ্য, ভোজ্য তেল সহ দৈনন্দিন সামগ্রীর “লাগাম ছাড়া” মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে লাগাতার আন্দোলনে নামার জন্য শহরের মানুষকে আহ্বানও জানিয়েছেন।




