নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১০ নভেম্বর ২০২১ঃ
বিশ্বাস, জল এবং সূর্য এই দুয়েরই মধ্যে নিহিত আছে মহাবিশ্বের সৃষ্টি তত্ব। তাই প্রকৃতির এই দুটি উপাদানের প্রতি অগাধ বিশ্বাসের পুজো বা উৎসব ছট পুজো। বলছেন পুরুলিয়া পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ার বাসিন্দা দেবেন্দ্র কুমার মিশ্র। গত বছর থেকেই পরিস্থিতি মহামারির কবলে। লাগু রয়েছে সরকারি কোভিড বিধি-নিষেধ। তাই গত বছরের মত এবছরও আমলাপাড়ার গোটা মিশ্র পরিবার সরকারি বিধিকে মর্যাদা দিয়ে বাড়ির ছাতেই নকল পুষ্করিনীতে পালন করলেন ছট পুজোর আচার। দেবেন্দ্র কুমার মিশ্র বলেন, গত ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা পরিস্থিতি সারা পৃথিবী জুড়ে গভীর প্রভাব ফেলেছে। তাছাড়া সরকারের বিধি নিয়মকে মর্যাদা দেওয়া। এসব কারনেই গত বছর থেকেই বাড়ির ছাতেই গোটা পরিবার ছট পরব পালন করছেন বলে জানান দেবেন্দ্র বাবু। ছাতের উপরেই অভিনবভাবে ইটের বেড়া এবং মোটা প্লাস্টিক দিয়ে জলকে এক জায়গায় বেঁধে দেওয়া হয়েছে। পুষ্করিনীর অনুভব আনতে শালুক, পদ্মের পাতা, জলজ ফুল ইত্যাদি দিয়ে সেই বাঁধানো পরিসরের জল সাজানো হয়েছে। বুধবার বিকেল ৪ টা নাগাদ মিশ্র পরিবারের ছাতে গিয়ে দেখা গেল অভিনব ওই নকল পুষ্করিনীর পাশেই ছট পুজোর সমস্ত আচার অনুষ্ঠান পালন করছেন গোটা পরিবার। সকলের একটাই কথা, আস্থা আর বিশ্বাসই মূল কথা, এসময় ভিড় এড়ানো বিশেষ জরুরি।


