নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, ৮ অক্টোবর ২০২১ঃ

আগ্নেয়াস্ত্র ও বিজেপির “মহামন্ত্রী” – র স্টিকার লাগানো গাড়ী সহ ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো বান্দোয়ান থানার পুলিশ। আজ, শুক্রবার তাদের জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল সাড়ে ৫ টা নাগাদ বান্দোয়ান থানার নান্না গ্রামের বাসিন্দা কৃত্তিবাস সিংহ মহাপাত্রের বাড়িতে ঝাড়খণ্ডের কয়েকজন লোক এসে অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছেলে তুফান সিংহ মহাপাত্রকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। তুফান সিংহ মহাপত্রা পেশায় ঝাড়খণ্ডের ঘাটসিলা এলাকার একজন ঠিকাদার। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানে ৫ জন যুবক রয়েছে। তাদের মধ্যে ২ জনের হাতে ২টি অস্ত্র রয়েছে। তার মধ্যে ১টি বড়ো রাইফেল ও ১টি পিস্তল।তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঝাড়খণ্ড বিজেপির মহামন্ত্রী বলে নিজেদের পরিচয় দেয়। সেখানে পাশেই একটি সাদা রঙের এস ইউ ভি গাড়ীও দেখতে পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িতে ৩ টি স্টিকার লাগানো ছিল। তার মধ্যে ১টি বিজেপির লোগো দেওয়া স্টিকার ও একটি মহামন্ত্রী, ভারতীয় জনতা পার্টির স্টিকার। গাড়ি সহ ৫ জনকে থানায় নিয়ে আসে বান্দোয়ান থানার পুলিশ। নান্না গ্রামের বাসিন্দা তুফান সিংহ মহাপাত্র অভিযোগ করেন, ঘাটসিলার থানার বাসিন্দা তুষার দত্ত সহ এই ৫ জন এসে তাঁর কাছ থেকে দেড় লক্ষ টাকা চেয়ে হুমকি দিতে থাকে। এমনকি মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তুফান বাবু। এর আগেও তুফান বাবুর কাছে ৩ লক্ষ টাকার একটি চেক নিয়ে যায় তারা বলেও অভিযোগ। বৃহস্পতিবার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলির বৈধ লাইসেন্স দেখতে চায়। কিন্তু পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। শুক্রবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তাল।

শেয়ার করুন

You cannot copy content of this page