নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া, ২ অক্টোবর ২০২১ঃ

আজ রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু বোটে করে বন্যা কবলিত ঘাটালের পরিস্থিতি খাতিয়ে দেখলেন।

মূলত কয়েকদিনের ভারী বৃষ্টি, তার উপর জলাধার থেকে জল ছাড়া, দুইয়ে মিলে ঘাটালে আবার বন্যা পরিস্থিতি। জলে ডুবেছে ঘাটাল থানার রাস্তা, ঘর-বাড়ি, মাঠ-ঘাট। ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ঝুমি নদীর জলে প্লাবিত হয়েছে। মাইথন ও মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ায় ঘাটালের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক বলে জানা গিয়েছে। বিভিন্ন রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় ঘাটাল পুরসভার তরফে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে। ঘাটাল মহকুমা প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। হু হু করে জল বাড়ায় ঘাটাল মহাকুমার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক।

আজকে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি রাজ্যের পি ইউ পি-র ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু বন্যা কবলিত এলাকার মানুষের হাতে ত্রাণ সামগ্রী ও ত্রিপল তুলে দেন। এর পাশাপাশি এলাকার মানুষদের যাতে বন্যার মধ্যে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য পাশে থাকার ও আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। এদিন সন্ধ্যা রাণী টুডু সাধারণ মানুষদের সাথে কথা বলে প্রশাসনিক ভাবে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page