নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৬ সেপ্টেম্বর ২০২১ঃ

আগামীকাল, সোমবারের সারা ভারত বনধ-এর দাবিগুলি সমর্থন করলেও বনধ সমর্থন করছে না তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা পরিস্কার জানিয়ে দিয়েছেন আই এন টি টি ইউ সি-র পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার।

এদিন দলের জেলা কার্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মজয়ন্তীর দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার। সেখানেই সোমবারের বনধ বিষয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উজ্জ্বল বাবু জানান, কৃষক-শ্রমিক স্বার্থে কেন্দ্রের “কালা কানুন”-এর তীব্র বিরোধিতা করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। এমনকি বনধ ডাকার পক্ষে দাবিগুলিকেও সমর্থন করছে দলের শ্রমিক সংগঠন। কিন্ত বনধ সমর্থন করছে না। তিনি আরো বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে “বনধ-এর রাজনীতি” বন্ধ হয়ে গিয়েছে। এমনকি উজ্জ্বল বাবুর এমনও দাবি, সব ক্ষেত্রেই বনধ করে সমস্যার সমাধান হয় না। যে কারনে সোমবার জেলা আই এন টি টি ইউ সি-র পক্ষ থেকে জেলার বিভিন্ন কল-কারখানা ও পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রের সংগঠনের কর্মী-সমর্থকদের কাজে যোগ দিতেও বলা হয়েছে বলে জানান সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার। প্রশ্ন ছিল, তাহলে এটাকি একভাবে বনধ বিরোধিতা? যা সম্পূর্ণ অস্বীকার করেন উজ্জ্বল বাবু। একই সঙ্গে তাঁর দাবি, কেউ কোনভাবেই রাস্তায় নেমে বনধ বিরোধিতা করছি না। কেবলমাত্র সংগঠনের কর্মী-সমর্থকেরা আর পাঁচটা স্বাভাবিক দিনের মতই নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দেবেন।

শেয়ার করুন

You cannot copy content of this page