নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৬ ডিসেম্বর ২০২১ঃ
২০১০ সালের ১৬ ডিসেম্বর মাওবাদীদের হাতে নিহত হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েত তৎকালীন প্রধান চপলা গড়াইত সহ বাঘবিন্দ্যা সংসদের ৭ জন ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীরা। আজ ১৬ ই ডিসেম্বর ঝালদার দলীয় ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে সেইসব শহীদদের স্মরণে একাদশ তম শহীদ দিবস উদযাপন করল দল। এদিন শহীদদের উদ্দেশ্যে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করার পাশাপাশি এদিন শহীদদের স্মরণ করেন ফরওয়ার্ড ব্লকের বর্তমান নেতা-কর্মীরা।

এদিন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোরঞ্জন ভট্টাচার্য জানান, ভবিষ্যতে বাঘবিন্ধাতে শহীদদের মুর্তি স্থাপনেরও পরিকল্পনা রয়েছে । উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অজিত কুমার সাহু, ঝালদা-দঁড়দা ব্রাঞ্চ সম্পাদক রহিন মাহাতো, জেলা ছাত্র নেতা ভৈরব ভট্টাচার্য প্রমুখ। শহীদ পরিবারের বর্তমান সদস্য দীপক মাহাতো জানান, ১১ বছর পরেও আতঙ্ক কাটেনি বহু মানুষের। ২০১০ সালের সেই দিনটি আমাদের কাছে একটা কালো দিন হিসেবে রয়ে গিয়েছে আজও। এখনও অনেকে গ্রাম ছাড়া। তবে রাজ্য সরকার থেকে শহীদ পরিবার পিছু একজন করে হোমগার্ডের চাকরী পেয়েছে।

