নিজস্ব সংবাদদাতা, কেন্দা, মঙ্গলবার, ২৩ আগষ্ট ২০২২ঃ

কেন্দা থানার তিনটি গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল নষ্ট করল আবগারি দপ্তর। জানা গিয়েছে, মানবাজার সার্কেল আবগারি দপ্তরের আধিকারিকেরা এদিন কেন্দা থানার পুলিশ কর্মীদের সঙ্গে চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান চালান এই থানার অন্তর্গত লুকাইডি, সর্দারডি ও টুকিয়া গ্রামে। আবগারি দপ্তর সূত্রে খবর, এদিনের অভিযানে ২৮ লিটার অবৈধ চোলাই মদ ও ৬০০ লিটার চোলাই তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বাসনপত্র সহ চোলাই তৈরির বেশ কিছু সরঞ্জামও। ভবিষ্যতে এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে বলে মানবাজার সার্কেল আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page