নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১১ মার্চ, ২০২১

আজ, ১১ মার্চ আন্তর্জাতিক বৃক্ক দিবস বা ওয়ার্ল্ড কিডনি ডে। কিডনি রোগ প্রতিরোধ ও কিডনির সুস্থতা বিষয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে জেলার মানুষকে সচেতন করার মাধ্যমে দিনটিকে উদযাপন করলো পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। এদিন জেলা বিজ্ঞান কেন্দ্রে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় একটি যৌথ অনুষ্ঠানের মাধ্যমে জেলার মানুষকে বৃক্ক বা কিডনি সুস্থ রাখা, কিডনির রোগ প্রতিরোধ এবং রোগের সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সচেতনতা প্রদান করা হয়। জেলা বিজ্ঞান কেন্দ্রের সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস-এর অধীন দেশের বহু স্থানে এদিনের এই অনুষ্ঠান হয়েছে। জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, পুরুলিয়া জেলায় গড়ে প্রতি ১০ জনের মধ্যে একজন কিডনির রোগে আক্রান্ত হন। তাই এই জেলার মানুষকে কিডনি সুস্থ রাখার পদ্ধতি, কিডনি রোগ প্রতিরোধ বা প্রতিকার কিংবা রোগের সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতির বিষয়ে সচেতন করা খুবই জরুরি। তিনি আরো বলেন, জেলা বিজ্ঞান মঞ্চ যেহেতু বিজ্ঞান ভিত্তিক সচেতনতা মূলক বিভিন্ন শিবিরগুলি সফলতার সঙ্গে পরিচালনা করে, তাই তাদের সহযোগিতা বা যৌথ উদ্যোগ নেওয়া হয়েছিল।

পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায় জানান, বর্তমানে আমাদের দেশের মোট জনসংখ্যার গড়ে প্রায় ১৫ শতাংশ মানুষ প্রতি বছর কিডনির রোগে আক্রান্ত হন। যাঁদের মধ্যে বাৎসরিক গড়ে প্রায় ১ শতাংশ মানুষের মৃত্যুও ঘটে। নয়ন বাবুর দাবি, এ বিষয়ে মানুষের বৈজ্ঞানিক অসচেতনতাই প্রধান কারণ। নয়ন মুখোপাধ্যায়ের বক্তব্য, এদিনের অনুষ্ঠানে খাদ্যাভ্যাসের পরিবর্তন সহ কি কি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে কিডনি রোগ প্রতিরোধ করা বা রোগের ক্ষেত্রে প্রতিকার পাওয়া যায়, সেই বিষয়েই জেলার মানুষকে সচেতন করা হয়েছে। তিনি বলেন পুরুলিয়া জেলায় কিডনির রোগ একটি বড় সমস্যা। নয়ন বাবুর দাবি, অত্যধিক পরিমাণে জাঙ্ক ফুডে অভ্যস্ত মানুষ ইদানিং এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। কারন জাঙ্ক ফুডে লবণ ও ফসফেট বেশি থাকে। ফলে খাদ্যাভ্যাসের পরিবর্তন বা পরিমার্জন করেও রোগ প্রতিরোধ সম্ভব বলে দাবি নয়ন মুখোপাধ্যায়ের। এছাড়াও কিডনি রোগে আক্রান্ত হয়েও কি কি চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে সুস্থ শরীরে বেঁচে থাকা যায়, সে বিষয়েও এদিন মানুষকে বিস্তারিত বোঝানো হয়েছে বলে জানান জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page