নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৫ নভেম্বর ২০২১ঃ

একই মঞ্চে প্রাক্তন ও নবীন, প্রবীণ থেকে তরুণ। বহুকাল জেলা তৃণমূলের কোন সভায় যা দেখা যায় নি, আজ পুরুলিয়া শহরের রবীন্দ্রভবনে তাই-ই দেখা গেল। একইসঙ্গে দলের দুই বর্ষীয়ান রাজ্য নেতৃত্বের উপস্থিতি যেন পুরুলিয়া জেলা তৃণমূলকে আরো বেশী মনের জোর ভরে দিয়ে গেল।

প্রসঙ্গত, আজ রবীন্দ্রভবনে পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত জেলার কৃষকদের কৃষি স্বার্থে বিভিন্ন সদর্থক আলোচনা ও সংগঠনের পরবর্তী কর্মসূচি বিষয়ে এদিন দলের সকল স্তরের নেতা-নেত্রীরা বক্তব্য রাখেন। মঞ্চে এদিন উপস্থিত ছিলেন দলের প্রাক্তন দুই জেলা সভাপতি মন্ত্রী শান্তিরাম মাহাত, গুরুপদ টুডু সহ বর্তমান মন্ত্রী সন্ধ্যারাণী টুডু, বর্তমান দলীয় জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, বর্তমান পৌর প্রশাসক নবেন্দু মাহালি, প্রশাসক মন্ডলীর সদস্য তথা সংগঠনের জেলার চেয়ারম্যান রেবতী রমন টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত সহ জেলাতে দলের সর্ব স্তরের নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা শাখার সভাপতি তথা হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাত এদিন জানিয়েছেন, সংগঠনের এই জেলা সম্মেলনকে সম্প্রতি দেশ ব্যাপি কৃষকদের জয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। তিনি বলেন, এদিনের সম্মেলনকে “কৃষি সভ্যতার বিজয় উৎসব” – এর দিন হিসেবে অনুষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংগঠন তথা জেলা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুষেন চন্দ্র মাঝি জানিয়েছেন, এদিন মঞ্চ থেকে সমস্ত বক্তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রত্যাহার ঘোষিত হওয়া তিনটি কৃষি বিলের ঋণাত্বক দিকটি নিয়ে আলোচনার পাশাপাশি কৃষকদের লড়াইয়ের উল্লেখযোগ্য দিকগুলি বিশেষভাবে তুলে ধরেছেন। একইসঙ্গে বিভিন্ন বক্তার বক্তব্যে সংসদের দুই কক্ষে কৃষি বিল তিনটির আনুষ্ঠানিক বাতিল পর্যন্ত কৃষকদের আন্দোলন জারি রাখার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে জানান সুষেন মাঝি। সুষেন চন্দ্র মাঝি এবং সংগঠনের জেলা শাখার সভাপতি প্রসেনজিৎ মাহাত আরো বলেন, এদিন সম্মলন মঞ্চে জেলার কৃষিক্ষেত্র ও ক়ষক স্বার্থে যে সমস্ত বিষয়গুলি আলোচিত হয়েছে, তার মধ্যে অন্যতম ও উল্লেখযোগ্য হল, কিষাণ মান্ডি গুলিতে ধান বিক্রির ক্ষেত্রে জেলার কৃষকদের যে কোন সমস্যায় পাশে থাকবে সংগঠন, জেলার চাষযোগ্য জমির মিউটেশন সংক্রান্ত যে কোন সমস্যায় কৃষকদের সবরকম সহায়তা করবে সংগঠন এবং কৃষি দফতরের মাধ্যমে যে সমস্ত কৃষি সরঞ্জাম বিতরণ করা হবে, সেগুলি যেন সঠিক ভাবে বন্টন করা হয়, সেদিকটিও সংগঠনের তরফে দেখা হবে বলে জানান তাঁরা। এদিনের সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু এবং সংগঠনের বর্ষীয়ান রাজ্য নেতা বিশ্বনাথ চক্রবর্তী।

শেয়ার করুন

You cannot copy content of this page