নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৩ জানুয়ারি ২০২২ঃ
আগামীকাল, শুক্রবার মকর সংক্রান্তি। পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী পরব টুসু পরবও পৌষ সংক্রান্তির দিনেই। কিন্তু এবছর পরিস্থিতি চূড়ান্তভাবে কোভিড আক্রান্ত। তাই সংক্রমন আটকাতে, সুস্থ থাকতে জেলাবাসীকে মকরের উন্মাদনা থেকে এবছর দূরে থাকার আবেদন জানালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও কোভিড আক্রান্ত হয়েছেন কয়েকদিন আগেই। আজ, মকরের প্রাক্কালে সন্ধ্যায় একটি ভিডিও বার্তার মাধ্যমে সুজয় বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলাবাসীকে আহ্বান জানিয়ে বলেন, পৌষ সংক্রান্তির দিন মকর ও টুসু পরব পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব ঘিরে জেলার মানুষের আবেগ ও উন্মাদনা রয়েছে অনেক। কিন্তু এবছর পুরুলিয়া জেলাজুড়ে ভীষণভাবে করোনার সংক্রমণ । তাই গোটা জেলাবাসীকে সুস্থ থাকতে গেলে এবং সংক্রমণ আটকাতে গেলে এবছর মকর পরবের উন্মাদনাকে বর্জন করতে হবে। মানতে হবে সরকারি কোভিড বিধি। তিনি ওই ভিডিও বার্তায় জেলার মানুষের উদ্দেশ্যে আরো বলেন, নিজেদের পারিবারিক
পরিসরে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে পরবের প্রথাটুকুর আচরণ করুন, কিন্তু বাইরে লাগামছাড়া উৎসবের উন্মাদনাকে বর্জন করুন নিজেদের সুস্থতার স্বার্থে। সুজয় বন্দ্যোপাধ্যায় এদিন ওই বার্তায় জানান, কোভিড ভয়ের, কিন্তু আতঙ্কের নয়। কিন্তু উৎসবের উন্মাদনা যদি সংক্রমণ ভীষণভাবে বাড়িয়ে দেয়, তাহলে জেলার স্বাস্থ্য পরিকাঠামো অনুযায়ী চিকিৎসারও ঘাটতি দেখা দেবে। ফলে দুর্ভোগে পড়তে হবে মানুষকে।

