নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২ নভেম্বর ২০২১ঃ
দুর্গা পুজোর মত কালীপুজো ও দীপাবলিতেও বাজিপটকায় নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা খোদ আদালতের। আগেই জেলা তথা জেলার বিভিন্ন ব্লক প্রশাসনের পক্ষ থেকেও আদালতের নির্দেশ কার্যকর করতে বাজারে বাজারে সচেতনতা প্রচার বা অভিযান চালানো হয়েছে। এবার শেষ পর্যায়ের অভিযান করল মানবাজার-১ ব্লক প্রশাসন। আজ, মঙ্গলবার বিকেলের দিকে মানবাজার-১ নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন দোকানে হঠাৎ করেই অভিযান চালানো হয়। জানা গিয়েছে, কালীপুজোর প্রাক্কালে মানবাজার ব্লক এলাকার কোথাও নিষিদ্ধ আতশবাজি বিক্রী হচ্ছে কিনা তা যাচাই করতেই অতর্কিতে এই অভিযান। ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন ন্যুনতম মজুরী পরিদর্শক পার্থ মুখার্জী এবং শিল্প উন্নয়ন আধিকারিক নির্মলেন্দু রায়। এ বিষয়ে পার্থ মূখার্জী বলেন, এই ধরনের কর্মসূচির ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাজি পটকায় নিষেধাজ্ঞা বিষয়ে সচেতনতা বৃদ্ধি হবে।

