নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২০ অক্টোবর , ২০২০
এ বছর থেকেই পুরুলিয়া গভঃ মেডিকেল কলেজে পড়ুয়ারা এম.বি.বি.এস-এ ভর্তি হতে পারবেন বলে পুরুলিয়া মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। সােমবারই ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের এই অনুমােদন পুরুলিয়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পেয়েছে বলে জানিয়েছেন এম.এস.ভি.পি সুকমল বিষয়ী। তিনি জানিয়েছেন, এ বছর থেকেই ১০০ জন পড়ুয়া এম.বি.বি.এস কোর্সে ভর্তি হতে পারবেন।
এ বছর যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা পুরুলিয়া গভঃ মেডিকেল কলেজে এ বছরই এম.বি.বি.এস-এ ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন তিনি। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ২০১৮ সালের জুন মাসের ২০ তারিখ থেকে মেডিক্যাল কলেজের অনুমােদন প্রক্রিয়ার হয়েছিল। ইতিমধ্যে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ডিএনবি কোর্স চালু ছিল। বেশ কিছু ডিপ্লোমা কোর্সও এ বছর থেকেই চালু হয়ে যাচ্ছে বলে মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পুরুলিয়া সদর হাসপাতাল এবং হাতােয়াড়ায় নবনির্মিত মেডিক্যাল কলেজ বিল্ডিং দু জায়গাতেই এম.বি.বি.এস সহ অন্যান্য কোর্সের পঠনপাঠন একই সঙ্গে চলবে। এম.এস.ভি.পি সুকমল বিষয়ী জানিয়েছেন, মেডিক্যাল ছাত্রছাত্রীদের জন্য ইতিমধ্যে পুরুলিয়া গভঃ মেডিক্যাল কলেজের হােস্টেলের কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে এ বছর থেকেই এম.বি.বি.এস ও অন্যান্য কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাঁদের থাকার বিষয়েও কোনও অসুবিধে হবে না।
শেয়ার করুন