নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, ৮ জানুয়ারি ২০২২ঃ
কোভিড হানায় বন্ধ প্রাচীন মেলা
বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলার উপরও এবছর থাবা বসাতে চলেছে কোভিড হানা। করোনা সংক্রমণ এড়াতে সরকারি বিধি মেনে বন্ধ থাকছে রঘুনাথপুর থানার গদিবেড়ো পোস্ট অফিসের অন্তর্গত বেড়ো গ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলাই চন্ডীর মেলা। জানা গিয়েছে বিগত তিনশো বছরের ঐতিহ্যবাহী এই মেলার ইতিহাসে এবার প্রথম এরকম ঘটনা ঘটতে চলেছে।
প্রসঙ্গত, রঘুনাথপুর থানার অন্তর্গত গদিবেড়ো গ্রামের খেলাই চন্ডীর মেলাটি প্রায় তিনশো বছরের প্রাচীন মেলা। জানাচ্ছেন বেড়ো গ্রামের খেলাই চন্ডী মাতার মন্দির তথা মেলার সেবাইত দ্বারকানাথ আচার্য গোস্বামী। জানাচ্ছেন বিগত তিনশো বছরের মেলার ইতিহাসেও এরকম ঘটনা এই প্রথমবার। বিগত প্রায় তিন শত বছর ধরে প্রতি বছর পয়লা মাঘ থেকে আট দিনের এই মেলা দেখতে বিপুল সংখ্যক মানুষের ভিড় হয়। এবছরও আগামী ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত খেলাই চন্ডীর মেলাটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ এড়াতে জেলা তথা মহকুমা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে গতকাল, শুক্রবার মেলা বন্ধ রাখার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে মেলার সেবাইতদের পক্ষে। নোটিশে উল্লেখ করোনা পরিস্থিতিতে এবছর ঐতিহ্যবাহী খেলাই চন্ডীর মেলা অনুষ্ঠিত হবে না।

