নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৯ সেপ্টেম্বর , ২০২০

অক্টোবর ২০২০-র মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিসেম্বর ২০২০-র মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, জেলার সমস্ত শূণ্য পদে শিক্ষক নিয়োগ করা, পূর্ণাঙ্গ মেরিট লিস্ট প্রকাশ করা, দুর্নীতি মুক্ত প্যানেল গঠন করা, প্রতি বছর এস এস সি পরীক্ষার নিশ্চয়তা প্রদান করে আদর্শ রূপরেখা তৈরি সহ একগুচ্ছ দাবি সম্বলিত দাবিসনদ জেলা শাসককে দিলেন জেলার শিক্ষক পদের চাকরি প্রর্থীরা। পশ্চিমবঙ্গ এস এল এস টি অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ টিচার্স জব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার পুরুলিয়ার জেলা শাসককে শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত তরান্বিত করতে দাবিসনদ দেওয়া হয়। এদিন আন্দোলনকারীরা বেশ কিছুক্ষণ জেলা প্রশাসনিক দফতরের সামনে বিক্ষেভও দেখিয়েছেন।

বিক্ষোভকারীদের পক্ষে সুরেশ মাহাত, রাজেশ গরাই, দীপক মন্ডলরা জানান, বিগত দশ বছরে কেবলমাত্র একবারই এসএলএসটি পরীক্ষা হয়েছে, ২০১৬-তে। এদিকে পদপ্রার্থীদের অনেকেরই পরীক্ষায় বসার বয়সও পেরিয়ে যাচ্ছে। তাঁদের আরো দাবি, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়ায় জেলার স্কুলগুলিতে শূণ্য পদও রয়েছে। তাই ডিসেম্বরের মধ্যেই উচ্চ প্রাথমিকের থেকে সম্পূর্ণ পৃথকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page