নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ৪ মার্চ ২০২২ঃ

দীর্ঘদিন ধরে বেহাল পরিস্থিতির শিকার তুন্তুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন সমস্যা মিটিয়ে স্বাস্থ্যকেন্দ্রের হাল
ফেরাতে সরকারি আধিকারিকদের সাথে বৈঠক করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। আজ, শুক্রবার একাধিক ব্লক স্বাস্থ্য আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠকে তুনতুড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উন্নততর চিকিৎসা পরিষেবার জন্য অবিলম্বে নার্স সহ স্বাস্থ্য কর্মীর সংখ্যা বাড়ানো, অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে চিকিসকের ব্যবস্থা করার বিষয়ে এদিন ম্যারাথন আলোচনা করেছেন বিধায়ক সুশান্ত মাহাত। শুধুমাত্র তুনতুড়ি স্বাস্থ্যকেন্দ্রই নয়, বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত স্বাস্থ্যকেন্দ্রগুলির চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের বিষয়ে রাজ্যের স্বাস্থ্য ভবনেও তিনি দরবার করবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক। তুনতুড়ি স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জলের সমস্যার দ্রুত ও সদর্থক সমাধানের বিষয়ে এদিন বৈঠক থেকেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা করেন সুশান্ত বাবু।

শেয়ার করুন

You cannot copy content of this page