নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৬ অক্টোবর , ২০২০

চলতি মাসের ১১ তারিখ থেকেই পুরুলিয়া জেলা তৃণমূলের ব্লক কমিটি গঠনের কাজ শুরু হয়ে যাবে। এমনকি ৩০ অক্টোবরের মধ্যে জেলার অধিকাংশ অঞ্চলের কমিটি গঠনের কাজও যে হয়ে যেতে পারে, তেমনই জানা গিয়েছে দলীয় সূত্রে। তবে ব্লক কমিটি গঠনে এবার ব্লকের সমস্তু স্তরের নেতাদের মতামত গুরুত্ব দেওয়া হবে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে দলের জেলা কমিটির সদস্যদেরও দেওয়া হবে অঞ্চল ভিত্তিক দায়িত্ব।

জানা গিয়েছে, দীর্ঘদিনের যাঁরা দলের জেলা কমিটির সদস্য, তাদের যেমন অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে, ব্লক থেকে এবার যাঁরা দলের জেলা কমিটির বিভিন্ন পদ পেয়েছেন তাঁদেরও সেই রকম দায়িত্ব দেওয়া হবে। প্রত্যেক পদাধিকারীর কাঁধে এক বা একাধিক অঞ্চলের দায়িত্ব থাকবে বলেও জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডুও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, কাজের দায়িত্ব জেলা কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে ।ব্লকের যে সমস্ত নেতা এবার জেলা কমিটিতে পদ পেয়েছেন তাঁদের ব্লক ও অঞ্চল ভিত্তিক অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। দলের একাংশের মতে এতে একদিকে যেমন তাঁদের গুরুত্ব দেওয়া হবে, অন্যদিকে দলীয় কজে নিযুক্তিও করা যাবে। বিষয়টিতে সদর্থক ফলের আশা করছেন জেলা তৃণমূলের একটা বড় অংশ। তাঁদের দাবি ‘বিগত দিনে এ রকম সিদ্ধান্ত নেওয়া গেলে জেলায় দলের গােষ্ঠী কোন্দলে লাগাম দেওয়া যেত। শুধু দায়িত্ব বণ্টনই নয়, প্রতি একমাস অন্তর যে প্রত্যেকের কাজের মূল্যায়ন হবে। তাতে কাউকেই রেয়াৎ করা হবে না। জেলা কমিটিতে সে কথাও জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি।

গুরপদ টুডু বলেন, ব্লক কমিটি গঠনের ক্ষেত্রে দলের সদস্যদের সর্বসম্মতির বিষয়ে এবার অধিকতর গুরুত্ব দেওয়া হবে। সবার সামনেই গঠিত হবে ব্লক কমিটি ও ঠিক হবে অঞ্চল সভাপতিদের নাম | জেলা কমিটির কার্যালয়ে ব্লকের দায়িত্ব প্রাপ্ত জেলা কমিটি সদস্য, সংশ্লিষ্ট ব্লক থেকে এবার জেলা কমিটিতে পদ প্রাপ্ত সদস্য, ব্লকের উল্লেখযােগ্য দলীয় নেতা সহ জেলার শীর্ষ স্থানীয় নেতাদের বৈঠকে সর্বসম্মতি ক্রমে কমিটির সদস্য নির্বাচনের প্রক্রিয়াটি করা হবে।

ব্লক কমিটিগুলিতে কাউকে স্থান দিতে গেলে কেন তাঁকে দেওয়া হচ্ছে, তারও চুলচেরা বিশ্লেষণ হবে বলে জানান গুরুপদবাবু। একইভাবে কেউ বাদ গেলে কেন তিনি বাদ যাচ্ছেন, তাও বিশ্লেষণ করা হবে।

ব্লক কমিটি গঠনের সঙ্গে সঙ্গেই এবং একই নিয়মে দলের অঞ্চল ও বুথ কমিটির কাজও চলবে। তবে তা হবে সংশ্লিষ্ট ব্লক অফিসগুলিতে। গুরুপদটুডুজানিয়েছেন, “১১ তারিখ থেকেই পুরুলিয়া জেলা তৃণমূলের ব্লক কমিটি গঠনের কাজ শুরু হয়ে যাবে। এমনকি ৩০ অক্টোবরের মধ্যে জেলার অধিকাংশ অঞ্চল ও বুথ কমিটি গঠনের কাজও সম্পন্ন করা হবে”।

তৃণমূল কংগ্রেস সূত্রে আরও জানা গিয়েছে, জেলা কমিটিতে আরও ৩৫ জন অন্তর্ভুক্ত হবে শীঘ্রই। এর মধ্যে নাম রয়েছে রঘুনাথপুরের প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায়, নির্মলা মাহাত, সাধনা খাওয়াস সহ বিভিন্ন ব্লকের নেতা-নেত্রীর ! জেলা কমিটির লম্বা তালিকার পরেও কয়েকটি ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতার জায়গা না হওয়ায় বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরেই বিতর্ক শুরু হয়েছিল, তা মেটাতেই নতুনদের এই অন্তর্ভুক্তি বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page