নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৯ সেপ্টেম্বর , ২০২০
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘরে ভাঙন ধরানাের খেলার শুরু কি এবার পুরুলিয়া থেকেই ? রবিবার আচমকা বিজেপির দলীয় কর্মসূচীতে মুকুল রায়ের আবির্ভাবে জেলার রাজনৈতিক মহলে এ রকমই জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত রবিবার হুটমুড়ার কমিউনিটি হলে জেলা বিজেপির কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। দলের সাংগঠনিকএই বৈঠকে উপস্থিত হন আগের দিনই বিজেপির নব নির্বাচিত সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। আচমকা মুকুলের আবির্ভাবে জল্পনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
তাহলে মুকুল রায়ের কার্যকারিনী সভায় উপস্থিতির বিষয়টি কি নিছকই পূর্ব পরিকল্পিত ?নাকি আচমকা সিদ্ধান্ত ? বিজেপি নেতা সত্যজিৎ অধিকারী যদিও মুকুল রায়ের এই পুরুলিয়া সফর দলের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বলে বলছেন, তবে তা মানছেন না অনেকেই। বিজেপির এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মুকুল রায়কে বিজেপির কেন্দ্রীয় কমিটি সর্বভারতীয় সহ সভাপতি ঘােষণার অব্যবহিত পরেই মুকুলবাবুর পুরুলিয়া আসার সিদ্ধান্ত।
বিগত বেশ কয়েকমাস যাবৎ জেলাতে বিজেপির ঘর ভেঙে শক্তি বৃদ্ধি করেছে তৃণমূল। এ জেলার রাজনীতিতে কিছুটা যেন ব্যাকফুটে চলে গিয়েছিল বিজেপি। তাহলে মুকুলের হাত ধরে এবার কি পাল্টা উত্তর তৃণমূলকে দিতে তাদের ঘর ভাঙার খেলা রাজ্যে পুরুলিয়া থেকেই শুরু হচ্ছে? ফোনে ধরা গিয়েছিল বিজেপির জেলা মিডিয়া সেলের দায়িত্বে থাকা প্রদীপ মাহাতকে। এই প্রশ্ন সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “দলের সাংগঠনিক বিধি অনুযায়ী কার্যকারিণী সভায় রাজ্য কমিটির ন্যূনতম এক সদস্যকে উপস্থিত থাকতেই হবে। তাই মুকুলবাবু উপস্থিত ছিলেন। কিন্তু পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতও তাে দলের রাজ্য কমিটির সদস্য। কার্যকারিণী সভায় তিনি তাে ছিলেনই? এ প্রশ্নের সদুত্তর অবশ্য পাওয়া যায়নি আর প্রদীপবাবুর কাছ থেকে।বরং প্রশ্ন এড়িয়ে বলেন, কার্যকারিণী সভায় দলের সাংগঠনিক দায়িত্ব বন্টনের বিষয়টির উপরই বেশি জোর দেওয়া হয়। রবিবারও মুকুল রায়, জ্যোতির্ময় সিং মাহাত, বিদ্যাসাগর চক্রবর্তীসহ জেলার পদাধিকারীদের উপস্থিতিতে সেটাই সুষ্ঠুভাবে হয়েছে।
তবে জেলাতে দলের এক ঘনিষ্ঠ অনুগামী বলছেন অন্য কথা। তাঁর দাবি, বিগত দিনে মুকুল রায়ের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বহু প্রভাবশালীরা বিজেপিতে যােগদান করেছেন। ফলে দলের শক্তিও বৃদ্ধি হয়। কিন্তু বিগত কয়েক মাস দলে মুকুল রায়ের গুরুত্ব নিয়ে সংশয় ওঠায় সেই লােক আনার প্রসেস থমকে ছিল। শনিবার সর্বভারতীয় সহ সভাপতির পদ পেতেই না কি মুকুল রায় প্রথম পুরুলিয়া আসারই ঠিক করেন। তাহলে পুরুলিয়ায় জেলা তৃণমূলে কি এবার ভাঙন ধরতে চলেছে মুকুলের হাত ধরে ?বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের ভাঙন কি পুরুলিয়া জেলা থেকে শুরু? আলােচনায় ঘি ঢেলেছেন মুকুল নিজেই।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন তিনি জানিয়েছেন, জেলা তৃণমূলের বহু প্রভাবশালীরাই তাঁর সঙ্গে যােগাযােগ রাখছেন। রাজনৈতিক মহলের এই আশঙ্কার যুক্তি হল এ জেলায় তৃণমূলে বহু মুকুল অনুগামী নেতা-নেত্রীরা রয়েছেন। তবে সরাসরি হ্যাঁ বা এ উত্তর পাওয়া যায়নি বিজেপির ওই সূত্রে। অবশ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, কয়েকজন জেলা তৃণমূল নেতা এদিন নাকি মুকুল রায়ের সঙ্গে যােগাযােগও করেছিলেন। তবে ঠিক কী কথা হয়েছে তা কেউই স্পষ্ট করে বলতে চাননি।
দেখুন ভিডিও
