নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৮ অক্টোবর , ২০২০
বৃহস্পতিবার পুরুলিয়া শহরে সিপিআইএম-এর সিটু পরিচালিত মুটিয়া-মজদুর ইউনিয়নের পক্ষে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। এদিন শহরের টেলকল পাড়ার মুটিয়া-মজদুর ইউনিয়ন কার্যালয় থেকে সংলগ্ন মহুলঘুটা, টেলকল পাড়া ঘুরে স্থানীয় রেলগেটে একটি পথসভা করা হয়। বক্তব্য রাখেন ইউনিয়নের সম্পাদক পরিমল কুমার, সভাপতি অনিল কোনার, জেলা সিপিআইএম নেতা নিলয় মুখার্জি প্রমুখ। অনিল কোনার এবং পরিমল কুমাররা জানিয়েছেন মূলত মুটিয়া-মজদুরদের বর্ধিত পুজো বোনাস প্রদান, ষাটোর্ধ, কর্মে অক্ষম মজদুরদের মাসিক ৫ হাজার টাকা পেনশন ব্যাবস্থা চালু করা, মুটিয়া-মজদুরদের সরকারি স্বাস্থ্য প্রকল্পে অন্তর্ভুক্তি সহ মোট পাঁচ দফা দাবিতে এদিন মিছিল ও পথসভা করা হয়েছে। নিলয় মুখার্জি জানিয়েছেন, বর্তমান রেল কর্তৃপক্ষ পুরুলিয়া স্টেশন থেকে মাল গুদাম অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমারা মুটিয়া-মজদুর ইউনিয়নের পক্ষে এর তীব্র বিরোধিতা করছি। তিনি বলেন, এমনিতেই কোভিড পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ হয়েছে। তার ওপর রেলের এরকম জনবিরোধী সিদ্ধান্তে আরো দুর্বিসহ অবস্থায় পড়বেন পুরুলিয়ার মুটিয়া-মজদুররা।
শেয়ার করুন