নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১ সেপ্টেম্বর , ২০২০

পুরুলিয়া ছেড়ে ফিরে গেল কেন্দ্রের ১৪ নম্বর ব্যাটেলিয়নের ৬ কোম্পানি নাগা বাহিনী। ২০১০ সাল থেকে বলরামপুরের কুমারিকানন ও পাথরবাঁধ, বাঘমুন্ডির পিপিএসপি ও হিলটপ, আড়ষার সিরকাবাদ এবং কোটশিলা থানার মুরগুমায় মাও দমনে মোতায়েন ছিলেন এই ৬ কোম্পানি বাহিনীর ৬০০ জন জাওয়ান বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রের সি আর পিএফ এবং রাজ্য পুলিশের পুরুলিয়া জেলা কমান্ডো বাহিনী যৌথভাবে এই ৬ টি ক্যাম্পের চার্জ নিয়েও নিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বলরামপুরের কুমারিকানন ও কোটশিলা থানার মুরগুমার দুটি ক্যাম্পের চার্জ নিয়েছে দু কোম্পানি সি আর পিএফ বাহিনীর ২০০ জন জাওয়ান। বাকি চারটি ক্যাম্পের চার্জ আপাতত জেলা পুলিশের অ্যাসল্ট বা কমান্ডো বাহিনীর হাতে থাকলেও বলরামপুরের পাথরবাঁধ ও বাঘমুন্ডির হিলটপের দুটি ক্যাম্পের দায়িত্ব নিতে আরো দু কোম্পানি সি আর পিএফ বাহিনী সত্তর পুরুলিয়া পৌঁছে যাওয়ার কথা বলে পুলিশের এক সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page