নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ৩ সেপ্টেম্বর ২০২১ঃ


আজ, শুক্রবার নিতুড়িয়া থানার রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা সহ মৃত শিশুর পরিবার পরিজনেরা। ঘটনায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দের গোটা চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের দাবি চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের হাসপাতালে আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে। পরে নিতুড়িয়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। জানা গিয়েছে, রায়বাঁধ গ্রামের আনুমানিক দু মাসের শিশু সোনালী হেমব্রমকে বুধবার এই স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হয়। মৃত শিশুর পরিজনদের অভিযোগ টিকা দেওয়ার পর থেকেই শিশুটির শারিরীক অসুস্থতার লক্ষণ দেখা যায়।

আজ, শুক্রবার সকালে শিশুটির মৃত্যু হলে মৃত শিশুর পরিজন সহ স্থানীয় গ্রামবাসীরা রায়বাঁধ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটকের সামনে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতাল কর্মীদের দাবি দীর্ঘক্ষণ গেট বন্ধ করে কর্মীদের আটকে রেখে চলতে থাকে বিক্ষোভ। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কোন অভিযোগ মানতে চায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর পরিজনদের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি শিশুটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্তেরও দাবি জানানো হয়েছে। অন্যদিকে এদিনই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page