নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৬ জানুয়ারি ২০২২ঃ
হু হু করে বাড়ছে পুরুলিয়া জেলাজুড়ে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্তের গ্রাফও দ্রুতগতিতে ঊর্ধমুখী। বুধবার জেলায় নতুন করে মোট ১৬৩ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। গত পরশু, মঙ্গলবার জেলার যে দৈনিক সংক্রমণ ছিল ৯৪, একদিনেই তা প্রায় দ্বিগুণের কাছাকাছি হওয়ায় কড়া কোভিড বিধি লাগু করতে জেলাজুড়ে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসনও। যদিও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগের তুলনায় দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা অনেক বেশি বাড়ানো হয়েছে। ফলে দৈনিক সংক্রমণের হিসেবেও বৃদ্ধি হচ্ছে। তবে একইসঙ্গে প্রশাসন সূত্রে মানুষকে আশ্বস্ত করে জানানো হয়েছে জেলায় সুস্থতার হার অত্যন্ত বেশি, ৯৭.৬৫ শতাংশ। বুধবার পর্যন্ত জেলাতে মোট সংক্রমণের শিকার ৩৩৮ জন বলে জানা গিয়েছে। যার মধ্যে ১৮ বছরের নিচে ৩১ জন, ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে ২১৯ জন, ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে ৫৯ জন এবং ৬০ বছরের উর্ধ্বে ৩৩ জন করোনা আক্রান্ত রয়েছেন বলে জানা গিয়েছে। জেলার মধ্যে পুরুলিয়া পৌর এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। বুধবার পর্যন্ত পুরুলিয়া পৌর শহরে করোনা আক্রান্ত মোট ৯৫ জন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে এরপরই রয়েছে নিতুড়িয়া ব্লক (বুধবার পর্যন্ত ২৯ জন), রঘুনাথপুর-১ ব্লক (বুধবার পর্যন্ত ২৫ জন) এবং পুঞ্চা ব্লক (বুধবার পর্যন্ত ২১ জন)। বুধবার জেলাতে নমুনা পরীক্ষার সংখ্যা ১৪৭৩। ওইদিন যা নমুনা পরীক্ষা (আর টি পি সি আর এবং আর এ টি) হয়েছে তার ১০.৯৯ শতাংশ পজিটিভ পাওয়া গিয়েছে বলে প্রশাসনিক রিপোর্টে জানা গিয়েছে।
শেয়ার করুন