নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৬ সেপ্টেম্বর ২০২১
পাঞ্জাবে কাজ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত ছোটগাদো এলাকার এক যুবক। মৃতের পরিবার সূত্রে জানা গেছে ওই যুবকের নাম অমিত মাহান্তি, বয়স আনুমানিক (৩২)। বাবা মায়ের একমাত্র সন্তান ওই যুবকের চার মাস আগে বিয়ে হয়েছিল। পাঞ্জাবের একটি শার্প চাক্স এন্ড মেশিনস লিমিটেড নামক বেসরকারি কোম্পানিতে প্রোডাকশন ইঞ্জিনিয়ার পদে কাজ করতো। বরাবরই ওই কোম্পানির বাসে যাতায়াত করতো সে, তবে সোমবার সহ কর্মীদের সাথে বাইক নিয়ে রাত্রি ১০ টা নাগাদ অফিস থেকে বাসায় ফেরার পথে পাঞ্জাবের পাটিয়ালা থেকে জলন্ধর যাওয়ার রাস্তায় বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় তিনজন আহত হয়ে পড়ে, তড়িঘড়ি তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অমিত মাহান্তিকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ময়না তদন্তের পর ওই যুবকের মরদেহ বৃহস্পতিবার বলরামপুরের ছোট গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়, পরে ওই যুবকের আদি বাড়ি ঝাড়খণ্ডের কমলপুর থানার রসিকনগর এলাকায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
