নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১ অক্টোবর , ২০২০

এবছর করোনা আবহে এমনিতেই শারদ আনন্দে ভাটা পড়েছে। কিন্ত সেই দুঃখ ভুলিয়ে পুরুলিয়া জেলাবাসীর জন্য সরকার তথা জেলা প্রশাসন শারদ উপহার হিসেবে তুলে দিতে চলেছেন জেলার বিভিন্ন প্রান্তের ১১৭ টি রাস্তার নির্মাণ ও সংস্কার। আক্ষরিক অর্থেই ১ অক্টোবর থেকে এর মধ্যে জেলার ৪৫ টি রাস্তার কাজের শুভ সূচনাও হয়ে যাচ্ছে বলে এদিন জানিয়েছেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার এবং জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত ১ অক্টোবর থেকে রাজ্য সরকারের “পথশ্রী অভিযান” প্রকল্পের অধীন রাজ্যজুড়ে যে ১২ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু হচ্ছে, তারই অন্তর্গত পুরুলিয়া জেলায় মোট ৪৫৬ কিলোমিটার পথ নির্মাণের শুভ সূচনাও হল জেলা শাসকের প্রশাসনিক দফতর থেকেই। এদিন একটি ট্যাবলোর মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা শাসক রাহুল মজুমদার, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখরা।

এদিন জেলা প্রশাসনিক দফতরের সভাগৃহে একটি সাংবাদিক বৈঠকে পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার এবং জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকারের “পথশ্রী অভিযান” প্রকল্পের অধীনে জেলাতে মোট ১১৭ টি রাস্তার মোট ৪৫৬ কিলোমিটার নির্মাণ কাজ শুরু করা হল। যার জন্য মোট ব্যয় হবে ৬৫ কোটি ৩২ লক্ষ টাকা। যার মধ্যে ৪৫ টি রাস্তা, যেগুলির টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, সেগুলির কাজ এদিন থেকেই শুরু হচ্ছে। বাকি ৭২ টি রাস্তার টেন্ডার প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ের কাজও সমাপ্ত। ১৫ অক্টোবরের মধ্যেই সেগুলিরও কাজ শুরু হয়ে যাবে। দুজনেই এদিন জানিয়েছেন, ১১৭ টি রাস্তার মধ্যে ৩০ টি রাস্তার অর্থ জোগাবে জেলা পরিষদ। ৩১ টি নির্মাণ করা হবে বাংলার গ্রামীণ সড়ক যোজনার তহবিল থেকে এবং অবশিষ্ট ৫৬ টি মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীন ১০০ দিনের কাজের মাধ্যমে নির্মাণ করা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত রাস্তার নির্মাণ সম্পূর্ণ হবে বলে জানান তাঁরা।

পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি আধিকারিক তথা বাস্তুকারদের পূর্ণ পরিদর্শন রিপোর্টে যেসকল রাস্তা নির্মাণের বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন সেইসব রাস্তা নির্মাণেই জোর দেওয়া হয়েছে।

জেলা শাসক রাহুল মজুমদার এদিন বলেন, ১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টি ও সম্পত্তি গঠন, এই মেল বন্ধনের ওপর জোর দেওয়া হয়েছে। গত আর্থিক বছরে জেলাতে ১ কোটি ১৭ লক্ষ শ্রমদিবস তৈরি হয়েছিল। এবছর জেলার সেই টার্গেট ১ কোটি ৫০ লক্ষ শ্রমদিবস। যার মধ্যে এই ভয়াবহ করোনা পরিস্থিতিতেও ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ৫০ লক্ষ শ্রমদিবস তৈরি করা গেছে, বলে এদিন জানিয়েছেন জেলা শাসক রাহুল মজুমদার। তিনি বলেন, এদিনই জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন পদাধীকারীরা ৪৫ টি রাস্তার কাজের সূচনা করে দিচ্ছেন। বৈঠক শেষ করেই তাঁরা নিজেরা জেলার বিভিন্ন দিকে রাস্তা নির্মাণ কাজের সূচনা করতে বেরিয়ে পড়বেন বলে জানিয়েছেন শান্তিরাম মাহাত, রাহুল মজুমদার ও সুজয় বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন চত্বরে একটি পথ নাটিকা উপস্থাপন করে কোরক নাট্য গোষ্ঠী। নাটকের নাম “হামদের সড়প”। রচনা ও পরিচালনা সুদীন অধিকারী।

শেয়ার করুন

You cannot copy content of this page