নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ জানুয়ারি ২০২২ঃ

মারা গেলেন পুরুলিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অনাদি কুমার মাহাত। গত ৬ ডিসেম্বর ২০১৯ তিনি পুরুলিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ইঁদকুঁড়ি আবাস যোগেন্দ্রনগরে। এদিন সকালে তাঁর নিজের বাড়িতেই মারা যান বলে পুরুলিয়া পৌরসভা সূত্রে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। জানা গিয়েছে, সপ্তাহান্তের (উইকএন্ড) ছুটিতে প্রতিবারের মত গত শনিবারও বাড়ি যান তিনি। সোমবার অফিসে যোগ দেওয়ার কথা থাকলেও ফোনে জানান, বুধবার থেকে অফিস আসবেন। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, কিন্তু বুধবার সকালেই তাঁর মৃত্যুর খবর আসে পুরুলিয়া পৌরসভায়। এদিকে ঘটনায় পুরুলিয়া পৌরসভায় এদিন শোকের ছায়া নেমে আসে। অনাদি বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি। পৌরসভার অফিস সুপারেন্টেনডেন্ট কল্যাণ মাহান্তি জানিয়েছেন, অনাদি বাবুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এদিন খবর পাওয়ার পরই পৌরসভার সমস্ত বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে খোলা রাখা হচ্ছে কেবল এমার্জেন্সি বিভাগ।

শেয়ার করুন

You cannot copy content of this page