নিজস্ব সংবাদদাতা, আদ্রা, সোমবার, ১৫ আগষ্ট ২০২২ঃ
দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পক্ষে এদিন দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে আদ্রার সেরসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ডি আর এম মনিষ কুমার। ডিভিশনের বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের মহিলা কল্যাণ সমিতির সদস্যরা, ডিভিশনের বিভিন্ন কর্মী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বিদ্যালয়গুলির শিক্ষাকর্মী ও বিদ্যার্থীরা।
আদ্রা রেল ডিভিশনের আর পি এফ পোস্ট, সেন্ট জন্স অ্যাম্বুলেন্স, স্কাউট, গাইডস সহ স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এদিন জাতীয় পতাকার সম্মানে প্যারেডও প্রস্তুত করে। এছাড়াও বৈচিত্রের মধ্যে ঐক্য শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানও মঞ্চস্থ হয়। ডি আর এম মনিষ কুমার এদিন তাঁর ভাষণে ডিভিশনের রেল কর্মীদের প্রশংসা করে বলেন, করোনা কাল উত্তীর্ণ করে ডিভিশনের রেল কর্মীরা বহু সংগ্রামের মধ্য দিয়ে পুনরায় রেলের চলাচল শুরু করেছেন। একইসঙ্গে বাণিজ্য, যাত্রী সুরক্ষা সহ ডিভিশনের বিভিন্ন বিভাগীয় কাজের বিষয়েও এদিন তাঁর বক্তব্যে আলোকপাত করেন ডি আর এম মনিষ কুমার।



