নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১০ জুলাই ২০২২ঃ

মোটরবাইক আরোহী বাবা ও ছেলেকে লুঠ করে খুন করল দুষ্কৃতিরা। রাতের এই ঘটনার পর আজ সকালে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবিতে প্রায় দেড় ঘণ্টা পথ অবরোধ করেন। জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে পুরুলিয়া মফস্বল থানার কানালীর বাসিন্দা মদন চন্দ্র পান্ডে (৭০) এবং তাঁর ছেলে কানাই লাল পান্ডে (৩৫) মোটরবাইকে আসছিলেন। সেসময় আইমুন্ডির কাছে দুষ্কৃতিরা তাঁদের পথ আটকে প্রথমে লুঠ করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকেই খুন করে বলে অভিযোগ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাষমোড়ের একটি পেট্রোল পাম্পে কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। আইমুন্ডি থেকে ডানদিকে কানালীর দিকে ঢোকার রাস্তাতে দুষ্কৃতিরা তাঁদের আটকায় বলে জানা গিয়েছে। রাতের এই ঘটনার জেরে আজ, রবিবার সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানো সহ দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আইমুন্ডিতে পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলে। পরে পুরুলিয়া মফস্বল থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page